নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সোনার দরের দৌড় অব্যাহত। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্সের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম যায় ১ লক্ষ ২৩ হাজার ৫০ টাকা। মঙ্গলবারের তুলনায় এক লাফে দর বেড়েছে আড়াই হাজার টাকা। পাশাপাশি বেড়েছে গয়না সোনার দরও। ২২ ক্যারেট গয়না সোনার ১০ গ্রামের দর এদিন ছিল ১ লক্ষ ১৭ হাজার টাকা। মঙ্গলবারের তুলনায় তা ২ হাজার ৪০০ টাকা বেড়েছে। এদিন এক ধাক্কায় ২ হাজার ৬০০টাকা বেড়ে রাজধানী দিল্লিতেও সোনার ১০ গ্রামের দর পৌঁছায় ১ লক্ষ ২৬ হাজার ৬০০ টাকায়। পাল্লা দিয়ে বেড়েছে রুপোর দামও। মঙ্গলবারই প্রথম কলকাতায় রুপোর কেজি পিছু দর দেড় লক্ষ টাকার সীমা পেরোয়। বুধবার তা পৌঁছেছে ১ লক্ষ ৫৩ হাজার ৯০০ টাকায়।



