Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বোমার ঘায়ে বালিকার মর্মান্তিক মৃত্যু, কালীগঞ্জে তৃণমূলের জয়ের আনন্দ ফিকে

কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয়ের আনন্দকে ফিকে করে দিল এক নাবালিকার মর্মান্তিক মৃত্যু। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পুলিসকে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন।

বোমার ঘায়ে বালিকার মর্মান্তিক মৃত্যু, কালীগঞ্জে তৃণমূলের জয়ের আনন্দ ফিকে
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কালীগঞ্জ: কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূলের জয়ের আনন্দকে ফিকে করে দিল এক নাবালিকার মর্মান্তিক মৃত্যু। ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পুলিসকে কড়া ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছেন। 

Advertisement

তখন বেলা সাড়ে বারোটা-একটা হবে। গণনা সম্পূর্ণ না হলেও তৃণমূল যে জিততে চলেছে তা ততক্ষণে পরিষ্কার। পানিঘাটার ভোট গণনা কেন্দ্রে তখন থেকেই শুরু হয়ে গিয়েছিল বিজয়োল্লাস। চলছিল মিছিল। কালীগঞ্জ থানার অন্তর্গত বড়চাঁদঘর পঞ্চায়েতের মোলান্দির বেলেপাড়ায় সেই মিছিল ঢুকতেই আশপাশের বাড়িঘর লক্ষ্য করে বোম পড়তে শুরু করে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। বেলেপাড়া সিপিএমের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। সেখানেই বাড়ির উঠোনে খেলা করছিল দশ বছরের তমান্না খাতুন। বাবা-মায়ের একমাত্র সন্তান। মা সাবিনা ইয়াসমিন মেয়েকে নিয়ে স্নান করতে রওনা দিয়েছিলেন সামনের পুকুরে। তখনই পাশের গলি থেকে হুড়মুড়িয়ে বেরিয়ে আসে একটা বিজয় মিছিল। মিছিলের নেতৃত্বে ছিল আনোয়ার শেখ। অভিযোগ, সেই মিছিল থেকেই বোমা ছোড়া হয়। যার একটা এসে পড়ে তমান্নার গায়ে। মায়ের চোখের সামনেই মৃত্যু হয় নাবালিকার। সাবিনা ইয়াসমিন বলেন, আমার চোখের সামনে মেয়েকে ওরা মেরে দিয়েছে। দোষীদের শাস্তি চাই। নাবালিকার জ্যাঠা আবুল কাসেম বলেন, ওরা পুকুরে স্নান করতে যাচ্ছিল। সেইসময় গলি দিয়ে ঢুকে তৃণমূলের লোকজন বোমাবাজি করে। আমাদের পরিবার সিপিএম করে বলেই ওরা বোমা মেরেছে। 
পুলিস এসে মৃতদেহ উদ্ধার করে কালীগঞ্জ থানার মর্গে পাঠায়। আজ, মঙ্গলবার মৃতদেহটি ময়নাতদন্ত হবে। কৃষ্ণনগর পুলিস জেলার এসপি অমরনাথ কে মৃত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন। সন্ধ্যার দিকে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় কালীগঞ্জ আসেন। বাম-কংগ্রেসের তরফ থেকে মীরা ফাঁড়িতে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ চলাকালীন বাম-কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিসের ব্যাপক ধস্তাধস্তি হয়। এদিকে এই মর্মান্তিক ঘটনায় তৃণমূল কংগ্রেস তাদের বিজয় উৎসব বন্ধ রেখেছে। কালীগঞ্জ থানা মূল অভিযুক্ত তৃণমূল কর্মী আনোয়ার শেখ সহ অভিযুক্ত আদর আলি, কালু শেখ  ও  মানোয়ার শেখ সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে। নাবালিকার পরিবারের তরফে মোট ২৪ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছে। কৃষ্ণনগর সাংগঠনিক জেলার তৃণমূলের সভাপতি তথা সাংসদ মহুয়া মৈত্র বলেন, এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় আমরা মর্মাহত। তাই বিজয় মিছিলের কোনও প্রশ্নই ওঠে না। পুলিস প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে। 
উপনির্বাচনে বাম-কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন শেখ বলেন, অত্যন্ত লজ্জাজনক ঘটনা। তৃণমূলের লোকজন একাধিক বাড়িতে বোম মেরেছে। কিন্তু নাবালিকার বাড়িতে ঢুকে বোমা ছোড়ে তৃণমূলের লোকজন। সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় পুলিসের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন। 

সম্পর্কিত সংবাদ