নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০২৭ সালের মার্চ মাসের মধ্যেই শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। বৃহস্পতিবার জানালেন সেচমন্ত্রী মানস ভুঁইয়া। তিনি জানান, এই প্রকল্পের জন্য একাধিকবার টাকা চাওয়া সত্ত্বেও বরাদ্দ মেলেনি কেন্দ্রের তরফে। রাজ্যের কোষাগার থেকে খরচ করে এই প্রকল্প রূপায়ণ করা হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫০০ কোটি টাকা বরাদ্দও করেন তিনি। বর্তমানে এই প্রকল্পের কাজ পুরোদমে চলছে বলেই জানিয়েছেন মানসবাবু। আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকও করেন তিনি। এছাড়াও ডিভিসির জল ছাড়া নিয়ে ফের একবার সুর চড়িয়েছেন তিনি। সেই সঙ্গে গঙ্গা ভাঙন ঠেকাতে বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের সমন্বয় বৈঠকের কিছু দিনের মধ্যেই ৬১০ কোটি টাকার অর্থ মূল্যের প্রকল্পের ডিপিআর তৈরির কাজ সেরে ফেলল রাজ্য সেচদপ্তর। এর জেরে মালদহের রতুয়ায় ভাঙন সমস্যা থেকে রেহাই পাওয়া যাবে। যা নবান্নের সম্মতি নিয়ে গঙ্গা ফ্লাড কন্ট্রোল কমিশনে পাঠানো হবে বলেই জানা গিয়েছে। উত্তরবঙ্গ সহ রাজ্যের যে সমস্ত এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই সমস্ত জায়গায় সেচদপ্তরের আধিকারিকরা নজর রাখছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানা গিয়েছে।



