Bartaman Logo
৯ জুন, ২০২৬

গৌরব গগৈয়ের পাক যোগ? তদন্ত চেয়ে মোদি সরকারের দ্বারস্থ হিমন্ত

অসমে বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নিশানায় কংগ্রেস নেতা গৌরব গগৈ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে গৌরবের পাক যোগের অভিযোগ নিয়ে তদন্তের জন্য  সিট গঠন করেছিল হিমন্ত সরকার। সিটের রিপোর্ট পেশের এবার বিস্তারিত তদন্তের জন্য কেন্দ্রের দ্বারস্থ হওয়ার কথা জানালেন হিমন্ত।

গৌরব গগৈয়ের পাক যোগ? তদন্ত চেয়ে মোদি সরকারের দ্বারস্থ হিমন্ত
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

গুয়াহাটি: অসমে বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নিশানায় কংগ্রেস নেতা গৌরব গগৈ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে গৌরবের পাক যোগের অভিযোগ নিয়ে তদন্তের জন্য  সিট গঠন করেছিল হিমন্ত সরকার। সিটের রিপোর্ট পেশের এবার বিস্তারিত তদন্তের জন্য কেন্দ্রের দ্বারস্থ হওয়ার কথা জানালেন হিমন্ত। রবিবার সাংবাদিক সম্মেলনে তাঁর দাবি, অভিযোগটি অত্যন্ত গুরুতর। অবিলম্বে কেন্দ্রীয় সংস্থা দ্বারা তদন্ত হওয়া উচিত। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে আবেদন জানানো হবে। যদিও হিমন্তর অভিযোগ উড়িয়ে দিয়েছেন হাত শিবিরের সাংসদ গৌরব। তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর এই সারবত্তাহীন সাংবাদিক সম্মেলন সি গ্রেড সিনেমার থেকেও খারাপ।

Advertisement

অভিযোগ, গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথ কোলবার্নের সঙ্গে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই-এর গোপনে যোগাযোগ রয়েছে। আগে  ইসলামাবাদে পাকিস্তান প্ল্যানিং কমিশনের প্রাক্তন উপদেষ্টা তৌকির শেখের অধীনে কাজ করতেন গগৈয়ের স্ত্রী। পুরো বিষয়টির তদন্তে সিট গঠন করে অসম সরকার। প্রাথমিক তথ্যের ভিত্তিতে মামলাও দায়ের হয়। এরমধ্যে অসম সরকারের কাছে ৪৪ পাতার রিপোর্ট জমা দিয়েছে সিট। এব্যাপারে সাংবাদিক সম্মেলনে হিমন্ত বলেন, ‘আমাদের বিশ্বাস গৌরব গগৈ, তাঁর স্ত্রীর সঙ্গে পাকিস্তানের গভীর যোগসূত্র রয়েছে। এমনকী লিড পাকিস্তান নামে একটি সংস্থার কাছ থেকে বেতনও পেতেন গগৈয়ের স্ত্রী। গোটা বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে তুলে দেওয়া হবে।’
পাল্টা আক্রমণ শানিয়েছেন গৌরব গগৈ। তাঁর বক্তব্য, ‘হিমন্তর সাংবাদিক বৈঠক সুপার ফ্লপ। আমি দিল্লি ও অসমের সাংবাদিকদের জন্য দুঃখিত, ওদের শতাব্দীর সবচেয়ে ফ্লপ সাংবাদিক বৈঠক সহ্য করতে হয়েছে। সি গ্রেড সিনেমার থেকেও 
খারাপ। রাজ্যজুড়ে হিমন্ত ও তাঁর পরিবারের লোকজন ১২ হাজার বিঘা জমি দখল করে বসে রয়েছেন। তিনি বরং অসমবাসীর কাছে সেই বিষয়টির সদুত্তর দিন।’ ছবি: পিটিআই

সম্পর্কিত সংবাদ