Bartaman Logo
১৩ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতি বছর বায়োমেট্রিক না দিলে গ্যাসের ভরতুকি বন্ধ, বাড়তি বিপাকে রাজ্যের ১ কোটি উজ্জ্বলা গ্রাহক

রান্নার গ্যাস নিয়ে আশঙ্কাই এবার সত্যি হতে চলেছে! কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছিল, প্রত্যেক এলপিজি গ্রাহককে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে আধার যাচাই করাতে হবে।

প্রতি বছর বায়োমেট্রিক না দিলে গ্যাসের ভরতুকি বন্ধ, বাড়তি বিপাকে রাজ্যের ১ কোটি উজ্জ্বলা গ্রাহক
  • ২৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বাপ্পাদিত্য রায়চৌধুরী, কলকাতা: রান্নার গ্যাস নিয়ে আশঙ্কাই এবার সত্যি হতে চলেছে! কেন্দ্রীয় সরকার আগেই জানিয়েছিল, প্রত্যেক এলপিজি গ্রাহককে বায়োমেট্রিক পদ্ধতির মাধ্যমে আধার যাচাই করাতে হবে। কিন্তু এতদিন এর কোনও বাধ্যবাধকতা ছিল না। এবার কেন্দ্র সিদ্ধান্ত নিতে চলেছে, আধার যাচাই না করা থাকলে মিলবে না ভরতুকি। আপাতত উজ্জ্বলা যোজনার গ্রাহকদের জন্যই ওই নিয়ম চালু হচ্ছে। পরবর্তীকালে সব গ্রাহকের জন্যই তা কার্যকর হবে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, পেট্রোলিয়াম মন্ত্রক সিদ্ধান্ত নিতে চলেছে, গ্যাসের নিরবচ্ছিন্ন ভরতুকি পেতে গেলে প্রতি অর্থবর্ষেই (১ এপ্রিল থেকে ৩১ মার্চের মধ্যে) বায়োমেট্রিকের মাধ্যমে আধার যাচাই করাতে হবে। পশ্চিমবঙ্গে উজ্জ্বলা যোজনার আওতায় এলপিজি গ্রাহকের সংখ্যা প্রায় ১ কোটি ২৩ লক্ষ। বাড়তি বিপাকে পড়তে চলেছেন তাঁরা। সমস্যা বা‌঩ড়বে দেশের কোটি কোটি উজ্জ্বলা গ্রাহকেরও। 

Advertisement

এখন উজ্জ্বলা যোজনার গ্রাহকরা সিলিন্ডার পিছু ৩০০ টাকা করে ভরতুকি পান। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, সেই ভরতুকি যাতে সঠিক গ্রাহকের কাছেই পৌঁছয় এবং প্রতারণার কোনও সুযোগ না থাকে, তা নিশ্চিত করতেই এই নয়া নিয়ম আনা হচ্ছে। চলতি অর্থবর্ষ থেকে উজ্জ্বলা গ্রাহকদের জন্য বছরে সর্বোচ্চ ন’টি সিলিন্ডারের প্রত্যেকটির জন্য ৩০০ টাকা করে ভরতুকি দেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্র। নয়া নিয়মে প্রতি অর্থবর্ষের অষ্টম এবং নবম সিলিন্ডারের (১৪.২ কেজি) ভরতুকি পেতে আধার যাচাইকরণ বাধ্যতামূলক। যাঁরা পাঁচ কেজির সিলিন্ডার নেন, তাঁদের ক্ষেত্রে ২১তম ও পরবর্তী সিলিন্ডারগুলির জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। ইতিমধ্যে যাঁরা বায়োমেট্রিক পদ্ধতিতে আধার যাচাই করিয়েছেন, তাঁদের প্রতিটি অর্থবর্ষে ফের সেই কাজ করতে হবে। এই প্রক্রিয়া না সেরে রাখলে কি সিলিন্ডার ডেলিভারি বন্ধ হয়ে যাবে? ওয়াকিবহাল মহলের বক্তব্য, সিলিন্ডার বুকিং করলে ডেলিভারি হবে। কিন্তু আধার যাচাই না হলে অষ্টম সিলিন্ডার কেনার পর অ্যাকাউন্টে ভরতুকির টাকা আর জমা পড়বে না। কোনও অর্থবর্ষে ৩১ মার্চের মধ্যে আধার যাচাই না করালে সেই বছরের বকেয়া ভরতুকিও মিলবে না। 
প্রসঙ্গত, বায়োমেট্রিকের মাধ্যমে আধার যাচাইয়ের ক্ষেত্রে পুরোনো পদ্ধতিগুলিই চালু থাকছে। গ্রাহক চাইলে তাঁর ডিস্ট্রিবিউটরের কাছে গিয়ে বা সিলিন্ডার ডেলিভারি কর্মীর কাছে তা করতে পারেন। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির নিজস্ব যে অ্যাপ আছে, সেখানে গিয়েও ‘ফেস অথেন্টিকেশন’-এর মাধ্যমে আধার যাচাই করানো যেতে পারে। অন্যদিকে, উজ্জ্বলা যোজনা সহ সব গ্রাহকেরই আধার যাচাইকরণের কাজ শেষ করতে নভেম্বর ও ডিসেম্বর মাসে বিশেষ উদ্যোগ নেওয়ার সুপারিশ করেছে মন্ত্রক। সেই মতো তেল সংস্থাগুলিও সচেষ্ট হবে বলে খবর। গ্যাস ডিস্ট্রিবিউটরদের উপর এ ব্যাপারে শীঘ্রই চাপ সৃষ্টি করা হবে বলেও মনে করা হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ