Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

রাতে আবর্জনা সংগ্রহের গাড়িতে চলছে না মাইক, ক্ষোভ বরানগরে

রাতে শহরের বিভিন্ন বাজার ও দোকান থেকে আবর্জনা সংগ্রহের অভিনব উদ্যোগ শুরু করেছিল বরানগর পুরসভা। মানুষকে সচেতন করতে আবর্জনা সংগ্রহের গাড়িতে লাগানো হয়েছিল মাইক।

রাতে আবর্জনা সংগ্রহের গাড়িতে চলছে না মাইক, ক্ষোভ বরানগরে
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: রাতে শহরের বিভিন্ন বাজার ও দোকান থেকে আবর্জনা সংগ্রহের অভিনব উদ্যোগ শুরু করেছিল বরানগর পুরসভা। মানুষকে সচেতন করতে আবর্জনা সংগ্রহের গাড়িতে লাগানো হয়েছিল মাইক। আবর্জনা সংগ্রহ চালু থাকলেও ওই মাইক আজও চলেনি। টাকা খরচ করার পরও কেন মাইক চলছে না, তা নিয়ে বোর্ড মিটিংয়ে প্রশ্নও উঠেছিল। তারপরও তা চালু না হওয়ায় বিতর্ক দানা বেঁধেছে। যদিও পুরসভার দাবি, মাঝে মাইক চালানো হয়েছিল। কিছু ত্রুটি রয়েছে। শীঘ্রই তা চালু করা হবে। 

Advertisement

বরানগরে প্রতিটি বাজার ও দোকানের আবর্জনা রাস্তার ধারে ফেলে দেওয়া হতো। তা পুরসভার সংগ্রহ করতে অনেক বেলা হয়ে যেত। ফলে রাস্তা জুড়ে পড়ে থাকা আবর্জনা নিয়ে শহরবাসীর ক্ষোভ ছিল। সমস্যা সমাধানে পুরসভা রাতে আবর্জনা সংগ্রহের পরিকল্পনা নেয়। শহরের প্রতিটি বাজার ও রাস্তার দোকান থেকে রাতেই আবর্জনা সংগ্রহের কাছ বছর খানেক শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আবর্জনা সংগ্রহের গাড়িতে মাইক লাগানো হয়েছিল। ওই মাইকে শহরবাসীকে আবর্জনা যত্রতত্র না ফেলা সহ নানান বিষয়ে সচেতন করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। এজন্য খরচ হয়েছিল কয়েক লক্ষ টাকা।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাতের শহরে মোট পাঁচটি গাড়ি বরানগর, আলমবাজার, বঙ্গলক্ষ্মী মোড়, ডানলপ সহ শহরের বিভিন্ন বাজার ও রাস্তার দোকান থেকে আবর্জনা সংগ্রহ শুরু করেছে। প্রতিটি দোকান থেকে মাসিক ১০০ টাকা করে চাঁদা নেওয়া হয়। প্রতিদিন শহরের প্রায় ৪০০ দোকান থেকে প্রায় তিন টন আবর্জনা সংগ্রহ করা হচ্ছে। 
কিন্তু ওই গাড়িগুলিতে লাগানো মাইক চালু হয়নি। কয়েকটি গাড়ির মাইক ভেঙেও গিয়েছে বলে অভিযোগ। সম্প্রতি বোর্ড মিটিংয়ে এনিয়ে সরব হন সিআইসি রামকৃষ্ণ পাল। তিনি বলেন, রাতে আবর্জনা সংগ্রহ ভালোভাবে হচ্ছে। এটা অত্যন্ত ভালো উদ্যোগ। কিন্তু ওই গাড়িতে লাগানো মাইক চালু থাকলে শহরবাসীকে আরও সচেতন করা যেত। এছাড়া রাতেও পুরসভা যে কাজ করছে, সেটাও মানুষকে জানানো যেত। পুরসভার ভাইস চেয়ারম্যান দিলীপনারায়ণ বসু বলেন, কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে। দ্রুত মাইকগুলি চালু হবে।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ