Bartaman Logo
৯ জুন, ২০২৬

গোপাল খেমকা হত্যায় গ্যাংস্টার যোগ, তদন্তে গঠিত হল সিট

ব্যবসায়ী গোপাল খেমকা খুনে নাম জড়াল বিহারের কুখ্যাত গ্যাংস্টার অজয় ভার্মার। বেউর জেলে বন্দি থাকা অবস্থাতেই খেমকাকে খুনের ব্লু প্রিন্ট রচনা করেছিল সে।

গোপাল খেমকা হত্যায় গ্যাংস্টার যোগ, তদন্তে গঠিত হল সিট
  • ৭ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

পাটনা: ব্যবসায়ী গোপাল খেমকা খুনে নাম জড়াল বিহারের কুখ্যাত গ্যাংস্টার অজয় ভার্মার। বেউর জেলে বন্দি থাকা অবস্থাতেই খেমকাকে খুনের ব্লু প্রিন্ট রচনা করেছিল সে। তদন্তকারীদের মতে, সম্পত্তি সংক্রান্ত কারণেই খুন হতে হয়েছে এই ব্যবসায়ীকে। সুপারি কিলার দিয়েও গোপালকে খুন করা হয়ে থাকতে পারে বলে তদন্তকারীদের অভিমত। শুক্রবার রাতে খাস পাটনা শহরে নিজের বাসভবনের বাইরে মোটর সাইকেলে করে আসা দুষ্কৃতীদের গুলিতে খুন হন মগধ হাসপাতালের কর্ণধার গোপাল। তাঁর ছেলে গৌরব খেমকার এফআইআরের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। বেউর জেলের ভিতরেই গ্যাংস্টার অজয় ভার্মাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সূত্রের খবর। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে পুলিস। 

Advertisement

এদিকে পুলিসি নিরাপত্তার আর্জি জানালেন গৌরব। শনিবার এফআইআরে গৌরব জানিয়েছেন, সাত বছর আগে ২০১৮ সালে হাজিপুরে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছিল দাদা গুঞ্জন খেমকার। পুলিসের কাছে তাঁর আর্জি, ‘এই ঘটনার পর আমি এবং আমার পরিবার ভয়ের মধ্যে রয়েছি। তাই পুলিস এবং সরকারের কাছে আমাদের নিরাপত্তার আর্জি জানাচ্ছি। এই ঘটনার সঙ্গে যুক্তদের দ্রুত খুঁজে বার করে উপযুক্ত শাস্তির দাবি জানাই।’ 
পুলিসের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ করেছেন গৌরব। তিনি জানিয়েছেন, আগে থেকেই দুষ্কৃতীরা বাড়ির দরজার কাছে অপেক্ষা করছিল। বাবাকে দেখেই তারা গুলি চালাতে শুরু করে। তাঁর অভিযোগ, মাঝরাতেই পুলিসকে ঘটনার কথা জানানো হয়। কিন্তু সঙ্গে সঙ্গে কোনও ব্যবস্থাই নেয়নি পুলিস। তাঁর কথায়, ‘রাত ২টো নাগাদ জেলাশাসক বাড়িতে এসে জানান ময়নাতদন্তের জন্য দেহটিকে নিয়ে যাওয়া হবে। সকাল ৬টার সময় দেহ আমাদের দেওয়া হয়। আমরা এরপর দেহ বাড়িতে আনি।’ 

সম্পর্কিত সংবাদ