Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সুদর্শনকে দলে চাননি গম্ভীর

ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজে সাই সুদর্শনকে নাকি একেবারেই দলে চাননি গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়ার প্রধান কোচ প্রবল বিরোধী ছিলেন বাঁ-হাতি ওপেনারের।

সুদর্শনকে দলে চাননি গম্ভীর
  • ২৮ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের সিরিজে সাই সুদর্শনকে নাকি একেবারেই দলে চাননি গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়ার প্রধান কোচ প্রবল বিরোধী ছিলেন বাঁ-হাতি ওপেনারের। সদ্য নির্বাচিত টেস্ট অধিনায়ক শুভমান গিল উদ্যোগ না নিলে ১৮ জনের স্কোয়াডে জায়গা হতো না সুদর্শনের। এমন খবরই প্রকাশ্যে এসেছে। সেই সঙ্গে গৌতম গম্ভীর ও শুভমান গিলের কোচ-ক্যাপ্টেন জুটির ভবিষ্যৎ নিয়েও শুরু হয়েছে জল্পনা।

Advertisement

বোর্ড সূত্রে জানা গিয়েছে, টেস্ট স্কোয়াডে সুদর্শনের অন্তর্ভুক্তিতে প্রবল অনীহা ছিল কোচের। কিন্তু গিল হাল ছাড়েননি। তিনি নাকি প্রায় আধ ঘণ্টা ধরে সওয়াল করেন সুদর্শনের হয়ে। শেষ পর্যন্ত একপ্রকার বাধ্য হয়েই ঢোক গিলতে হয় গম্ভীরকে। তবে গোটা ঘটনায় অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচকরা স্তম্ভিত হয়ে পড়েন। কারণ, দুর্দান্ত ফর্মে রয়েছেন সুদর্শন। চলতি আইপিএলে তাঁর সংগ্রহ এখন ৬৭৯ রান। গুজরাত টাইটান্সের ওপেনারই অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবার আগে। বিশেষ করে যে ব্যাটিং স্টাইলে ধারাবাহিকভাবে বড় রান করছেন সুদর্শন, তা লক্ষ্যণীয়। ক্রিকেট মহল মনে করছে, টেস্টে তিন নম্বরে নামার ক্ষেত্রে এই বাঁ হাতিই আদর্শ। সেক্ষেত্রে ক্যাপ্টেন গিল নামবেন চার নম্বরে। কিন্তু গম্ভীর যেভাবে তাঁর অন্তর্ভুক্তির বিরোধিতা করেছেন, তাতে সুদর্শনকে আদৌ ইংল্যান্ডের বিরুদ্ধে খেলানো হবে কিনা, তা নিয়ে প্রবল সংশয় রয়েছে। আসলে ভারতীয় কোচের এটাই বড় সমস্যা। তাঁর ধারণা, দলে তিনিই শেষ কথা। ড্রেসিং রুমে পূর্ণ কর্তৃত্ব আরোপের চেষ্টায় তিনি যে খামতি রাখবেন না, সেটাই স্বাভাবিক।

Advertisement
সম্পর্কিত সংবাদ