Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

ভাজা বাটার বাহার

বাঙালি হেঁশেলে কিছুই ফেলা যায় না। তরকারির খোসাও গিন্নিরা ভেজে বা বেটে পরিবেশন করেন। সহজ ও সুস্বাদু তেমনই কিছু রান্নার সন্ধান থাকছে আজ।

ভাজা বাটার বাহার
  • ২৯ মার্চ, ২০২৫ ০৪:০০

বাঙালি হেঁশেলে কিছুই ফেলা যায় না। তরকারির খোসাও গিন্নিরা ভেজে বা বেটে পরিবেশন করেন। সহজ ও সুস্বাদু তেমনই কিছু রান্নার সন্ধান থাকছে আজ।

Advertisement

 

মেথি শাকের ভর্তা

উপকরণ:  মেথি শাক ১ আঁটি, রসুন ৬ কোয়া, কাঁচালঙ্কা ৫টা, পেঁয়াজ ১টা, নুন, হলুদ, চিনি স্বাদ অনুযায়ী, গন্ধরাজ লেবুর রস ১ টেবিল চামচ, কালো জিরে সামান্য, সর্ষের তেল ২ টেবিল চামচ। 

প্রণালী: শাক ভালো করে ধুয়ে পাতা বেছে নিতে হবে। একটি কড়াইতে শাক, খোসা ছাড়ানো রসুন, পেঁয়াজ, কাঁচালঙ্কা  নিয়ে অল্প নুন দিন। মাঝারি আঁচে ঢাকা দিয়ে তা রান্না করুন। শাকের থেকে জল বেরিয়ে সব নরম হয়ে গেলে এবং জল শুকিয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে শাকের পেস্ট দিন। স্বাদ মতো নুন, চিনি দিয়ে নাড়তে থাকুন। তারপর নামিয়ে গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মেথিশাকের ভর্তা।

বাহারি লালশাক

উপকরণ: লালশাক ১ আঁটি, পোস্ত ১ চা চামচ, সাদা তিল ১ চা চামচ, পিনাট বাটার ১টেবিল  চামচ, বিউলি ডালের বড়ি ৮টা, নুন, হলুদ, চিনি পরিমাণ মতো, কাঁচালঙ্কা কয়েকটা, কালো জিরে, সর্ষের তেল। 

প্রণালী: শাক নুন জলে ভালো করে ধুয়ে বেছে কেটে নিতে হবে। পোস্ত আর তিল শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। কড়াইতে তেল গরম করে বড়ি ভেজে তুলে নিন। তারপর কালোজিরে আর কাঁচালঙ্কা ফোড়ন দিন। একটু ভেজে লালশাক আর স্বাদ মতো নুন, হলুদ দিয়ে নেড়ে নিন। একটু ঢেকে রাখতে হবে শাক থেকে জল বেরিয়ে আসার জন্য। শুকিয়ে এলে  ঢাকা খুলে শাক নেড়ে পোস্ত আর তিল দিয়ে নেড়ে নিন। পিনাট বাটার আর স্বাদ মতো  চিনি দিয়ে দিন। সব ভালো করে মিশে গেলে বড়ি গুঁড়ো করে ছড়িয়ে নামিয়ে নিন।  ভাতের সঙ্গে পরিবেশন করুন।

চালকুমড়োর খোসা ভাজা

উপকরণ: চালকুমড়োর খোসা ঝিরিঝিরি করে কাটা এক বাটি, নারকেল কোরা ১ কাপ, বেসন ১ টেবিল চামচ, নুন, চিনি, কাঁচালঙ্কা কুচি, কালো জিরে, সর্ষের তেল স্বাদ অনুযায়ী। 

প্রণালী: একটি বোলের মধ্যে চালকুমড়োর খোসা, নারকেল কোরা, কাঁচালঙ্কা কুচি, নুন, হলুদ, চিনি, বেসন দিয়ে মেখে নিন। কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিন। খোসা মাখাটা দিয়ে নেড়ে ঝুরঝুরে করে ভেজে নামিয়ে নিন। ব্যস,  তৈরি চালকুমড়োর খোসা ভাজা। গরম ভাতে মেখে খেতে খুব ভালো লাগে।

মনীষা দত্ত

সম্পর্কিত সংবাদ