নয়াদিল্লি: ভারত-পাক যুদ্ধে ধ্বংস হয়েছে রাফাল। এই দাবি গত মে মাস থেকেই করে আসছে পাকিস্তান। সম্প্রতি সে দেশের এক সংবাদমাধ্যম জানিয়েছে, ফরাসি সেনার এক কমান্ডারও রাফাল ধ্বংসের বিষয়ে পাকিস্তানের সঙ্গে সহমত। পাক মিডিয়ার দাবি, ওই কমান্ডার নাকি নিশ্চিত করেছেন, ভারত-পাক যুদ্ধে পাক বায়ুসেনাই সেরা পারফরম্যান্স দেখিয়েছে। তবে এই খবর সম্পূর্ণ ভুয়ো। এমনটা সাফ জানিয়ে দিল ফরাসি নৌসেনা। পাকিস্তানের ওই সংবাদমাধ্যকে ভুল তথ্য প্রচারের জন্য রীতিমতো তুলোধোনা করেছে তাঁরা।
পহেলগাঁও হামলার পালটা অপারেশন সিন্দুর। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে যোগ্য জবাব দিয়েছে ভারত। ইসলামাবাদও চুপ থাকেনি। আকাশপথে হামলার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। পাক মিসাইল ধ্বংস করেছে ভারতের এয়ার ডিফেন্স। পাকিস্তান অবশ্য ভারতের এই দাবি মানেনি। বরং উলটো প্রচার চালিয়েছে। ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসালাবাদ। সম্প্রতি এই দাবি জোরালো করতে ক্যাপ্টেন লউন নামে এক ফরাসি কমান্ডারের নাম ব্যবহার করে পাকিস্তানের সংবাদ মাধ্যম। তাদের প্রতিবেদনে বলা হয়, ক্যাপ্টেন লউন নিশ্চিত করেছেন যে ভারতীয় রাফাল ধ্বংস করেছে পাকিস্তান। এই খবর সম্পূর্ণ ভুয়ো বলেই দাবি ফরাসি নৌসেনার। তাদের দাবি, ক্যাপ্টেন লউন এই ধরনের দাবি করেননি। কারও অনুমতি না নিয়ে পাক মিডিয়া প্রতিবেদন ছেপেছে। যা বিভ্রাক্তিকর তথ্যে ভরা।