বিশেষ সংবাদদাতা, আগরতলা : মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এর এক কর্মী সহ চারজন। বুধবার রাত ১২ টা নাগাদ ত্রিপুরার ঊণকোটি জেলার জাতীয় সড়কের চিরকূটীতে পুলিসের একটি গাড়ির চাকা খারাপ হয়ে যায়। রাস্তার পাশেই গাড়িটিকে দাঁড় করিয়ে চাকা বদলাচ্ছিলেন মৃত টিএসআর কর্মী মিলন দেববর্মা ও চালক সৈয়দ আলি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেই সময়ই কুমারঘাট থেকে দ্রুত গতিতে আসা একটি সাদা রঙের ইনোভা গাড়ি প্রথমে মিলনকে পিষে দেয়। তারপর পুলিসের গাড়িতেও ধাক্কা মারে। পুলিসের গাড়ি দুমড়ে-মুচড়ে যায়। ঘাতক গাড়িটি ড্রেনে গিয়ে পড়ে। মিলন ছাড়াও গুরুতর আহত হন পুলিসের গাড়িতে থাকা অপর টিএসআর কর্মী মতিলাল সাংমা ও চালক সৈয়দ আলি। ঘাতক গাড়ির তিন আরোহীও জখম হন। তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মিলন ও ঘাতক গাড়ির তিনজনকে মৃত ঘোষণা করা হয়।



