


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনবছর তিনমাস ১৮ দিনের মাথায় তাঁর জামিনের আর্জি শর্তসাপেক্ষে মঞ্জুর করল আদালত। তাঁর আইনজীবী জানান, শর্তের মধ্যে রয়েছে শুনানিতে অংশ গ্রহণ, মামলাকে প্রভাবিত করতে পারবেন না প্রভৃতি। সোমবার আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক বিশ্বরূপ শেঠ তাঁকে ৯০ হাজার টাকার বন্ডে শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেন। বর্তমানে তিনি শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। তাঁর কৌঁসুলি বিপ্লব গোস্বামী জানান, আইনের বিধান মেনে জামিনের যাবতীয় নথিপত্র যাবে আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট কোর্টে। সেখান থেকে সেই নথি প্রেসিডেন্সি সংশোধনাগারে যাবে। এরপর জেলের নথি হাসপাতালে গেলেই সেখান থেকে তাঁর ছাড়া পাওয়ার কথা। তবে ছাড়া পাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাঁর চিকিৎসকরাই।
এদিন হাসপাতাল থেকেই ভার্চুয়াল শুনানিতে তিনি অংশ নেন। মামলার বিচার প্রক্রিয়ায় সাক্ষ্য‑গ্রহণ শেষ হওয়ার পরই বিচারক তাঁকে জামিনে মুক্তি দেন। সেই বার্তা জানতে পেরেই ‘জেলবন্দি’ অভিযুক্ত প্রাক্তন মন্ত্রীকে মিট মিট করে হাসতে দেখা যায়। নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই মিলে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক মামলা ছিল। অন্যান্য মামলায় ইতিমধ্যে জামিন পেলেও সিবিআইয়ের একটি মামলায় তিনি জেলবন্দি ছিলেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট এক নির্দেশে জানায়, নিম্ন আদালতে চার্জগঠনসহ সাক্ষ্যগ্রহণ শুরু হলেই পার্থ চট্টোপাধ্যায়দের জামিন মঞ্জুর করা হবে। ১৪ নভেম্বরের মধ্যে প্রাথমিকভাবে ওই শুনানি শেষ করার কথাও বলা হয়। সেই নির্দেশ মেনেই প্রাথমিকভাবে আটজনের সাক্ষ্য শেষ হওয়ার পরই এদিন পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের চূড়ান্ত আর্জিতে ‘সিলমোহর’ দেয় আলিপুরের সিবিআই আদালত।
২০২২ সালের ২৩ জুলাই কলকাতার নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে ইডি গ্রেফতার করে। গ্রেফতার করা হয় তাঁর ঘনিষ্ঠ অভিযুক্ত অর্পিতা মুখোপাধ্যায়কেও। অভিযোগ, ওই ঘটনায় পার্থ ও অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ইডি নগদ প্রায় ৫০ কোটি টাকা এবং বহুমূল্যের সোনাদানা উদ্ধার করে। এরপরই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রুপ সি, গ্রুপ ডি-সহ একাধিক মামলায় অভিযুক্ত করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। পরবর্তীকালে সিবিআইয়ের মামলাতেও তাঁকে অভিযুক্ত করা হয়। অনেক আগেই অর্পিতা মুখোপাধ্যায়ের জামিন মঞ্জুর হয়েছে। অবশেষে এদিন জামিন মিলল পার্থ চট্টোপাধ্যায়েরও।
অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তির আগে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন অভিযুক্ত সাব এজেন্ট সন্তু গঙ্গোপাধ্যায়। সোমবার ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেছেন বিচারপতি শুভ্রা ঘোষ। এছাড়াও তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে। তদন্তকারী অফিসারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। তদন্তের কারণে প্রয়োজনে জেরার মুখোমুখি হতে হবে সন্তুকে। ফাইল চিত্র