বেঙ্গালুরু: করতেন সাধারণ ক্লার্কের চাকরি। মাসিক বেতন ছিল মাত্র ১৫ হাজার টাকা। দেখে কিছুই বোঝার উপায় নেই। তবে দীর্ঘদিন ধরে কর্ণাটকের প্রাক্তন ক্লার্ক কালাকাপ্পা নিদাগুন্দির বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছিল। শুক্রবার তাঁর বাড়িতে তল্লাশিতে গিয়ে চোখ কপালে উঠেছে লোকায়ুক্ত আধিকারিকদের। সামান্য বেতনের এই কর্মীর ২৪টি বাড়ি রয়েছে। রয়েছে চারটি জায়গা, ৪০ একর কৃষিজমি, চারটি দামি গাড়ি, ৩৫০ গ্রাম সোনা ও দেড় কেজি রুপো। সবমিলিয়ে তাঁর কাছ থেকে ৩০ কোটিরও বেশি হিসেব বহির্ভূত সম্পত্তি বাজেয়াপ্ত করেছেন তদন্তকারী আধিকারিকরা।



