নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেদিনীপুর মহিলা থানায় এআইডিএসও নেত্রী সুশ্রীতা সোরেন সহ আন্দোলনকারীদের উপর অত্যাচারের ঘটনায় অভিযুক্ত পুলিস অফিসারদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। হাইকোর্টে একথা জানাল রাজ্য। বৃহস্পতিবার বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত এই তথ্য দিলেও ঠিক কতজনের বিরুদ্ধে এফআইআর হয়েছে বা সেই এফআইআরের ভিত্তিতে তদন্ত কোন পথে এগবে সে ব্যাপারে কিছু জানাননি তিনি। সিঙ্গল বেঞ্চের রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কিন্তু এদিন রাজ্যের আবেদনে সাড়া দেয়নি ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের গ্রীষ্মবকাশের পর ফের এই মামলার শুনানি হবে।



