নয়াদিল্লি: ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। যুদ্ধকালীন এই পরিস্থিতিতে সমস্ত ব্যাঙ্ককে চূড়ান্ত সতর্ক থাকার জন্য বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। যে কোনওরকম পরিস্থিতিতে নাগরিক ও ব্যবসায়িক পরিষেবা যাতে বিঘ্নিত না হয়, সেই বিষয়ে সতর্ক থাকতেও বলেছেন তিনি। পাশাপাশি, বিশেষ জোর দিতে বলা হয়েছে সাইবার নিরাপত্তায়। গোটা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে ব্যাঙ্কগুলির সদর দপ্তরে দু’জন উচ্চপদস্থ আধিকারিককে নিয়োগ করতে বলা হয়েছে। তাঁদের একজন সাইবার সংক্রান্ত যাবতীয় বিষয়ে নজর রাখবেন। অপরজনের দায়িত্বে থাকবে শাখাগুলির কর্মকাণ্ড, এটিএমে টাকার জোগান অব্যাহত রাখার মতো বিষয়গুলি। যে কোনও ধরনের অভিযোগ এলেই তৎক্ষণাৎ তা সংশ্লিষ্ট এজেন্সিগুলি ও ফিনান্সিয়াল সার্ভিসেস ডিপার্টমেন্টকে জানাতে হবে।



