Bartaman Logo
৯ জুন, ২০২৬

পাক স্পাই নেটওয়ার্ক চিহ্নিত করতে চূড়ান্ত তৎপরতা

যতই যুদ্ধবিরতি হোক, পাকিস্তান লাগাতার ভারত বিরোধী চক্রান্ত চালাবে। আর সুযোগ পেলেই ফের হামলা করবে, সে বিষয়ে নিশ্চিত নয়াদিল্লি।

পাক স্পাই নেটওয়ার্ক চিহ্নিত করতে চূড়ান্ত তৎপরতা
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: যতই যুদ্ধবিরতি হোক, পাকিস্তান লাগাতার ভারত বিরোধী চক্রান্ত চালাবে। আর সুযোগ পেলেই ফের হামলা করবে, সে বিষয়ে নিশ্চিত নয়াদিল্লি। শুধু সরাসরি সেনা অভিযান নয়, ভারতের অন্দরে স্পাই নেটওয়ার্ক তৈরির চেষ্টাও চলছে। এখন সেই নেটওয়ার্কই ভেঙে দিতে তৎপর নয়াদিল্লি। শুরু হয়েছে পাক চর চিহ্নিতকরণ অভিযান। একটানা চলছে অভিযান। পাকিস্তানের স্পাই নেটওয়ার্ক ভারতের নিরাপত্তা, আধা সেনা, সেনা পরিকাঠামোকে টার্গেট করে কতটা অনুপ্রবেশ করেছে, সেটা জানতে চিরুনি তল্লাশি শুরু হয়েছে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, সেনা এবং আধা সেনার পক্ষ থেকে যে সব পরিকাঠামো নির্মাণ চলছে অথবা ভবিষ্যতে হবে, সেখানে কোনওভাবে পাকিস্তান স্পাই ঩নেটওয়ার্ক ঢুকে পড়ছে কি না, তার খোঁজ চলছে। যে কোনও সরকারি ভবন, দপ্তর, সেতু, রাস্তা, টাওয়ার নির্মাণের সময় বেসরকারি সংস্থাগুলিই কাজের বরাত পায়। বড় অঙ্কের কাজ হলে সেইসব প্রকল্পে যুক্ত হয় সাব কন্ট্রাক্ট পাওয়া ক্ষুদ্র সংস্থা।  কর্মী ও শ্রমিকরাও আসে বিভিন্ন প্রান্ত থেকে। সাধারণত বহু সতর্কতার সঙ্গেই এসব ক্ষেত্রে নেওয়া হয় কর্মী শ্রমিক। নিয়মিত যাচাইও করা হয় নিরাপত্তা ও সুরক্ষা বলয়। কিন্তু তা সত্ত্বেও আবার নতুন করে অভিযান শুরু হয়েছে। আধার কার্ড থেকে ঠিকানা, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সবই যাচাই করা হচ্ছে। প্রতিটি সংস্থাকে নির্দেশও দেওয়া হয়েছে, বাইরে থেকে যে কর্মীদের নেওয়া হচ্ছে, সেই নিয়োগ তালিকায় সতর্কতা নিতে হবে। যে উপকরণ, যন্ত্রাংশ সাপ্লাই করা হচ্ছে, সেগুলিরও যথাযোগ্য যাচাই হওয়া দরকার। 

Advertisement

একদিকে যেমন এই পাক স্পাই নেটওয়ার্ক পাকড়াও করার জন্য মরিয়া অভিযান  চলছে, তেমনি অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাকিস্তানকে হুঁশিয়ারি দেওয়াও অব্যাহত। নিজস্ব অননুকরণীয় স্টাইলে কয়েকদিন আগেই বলেছিলেন, আমার শিরায় এখন আর রক্ত নয়, গরম সিঁদুর বইছে। আমার রক্ত গরম। মাথা ঠান্ডা। সোমবার গুজরাতের দাহোদে রেলওয়ে লোকোমোটিভ কারখানায় নতুন ইউনিট উদ্বোধন করে মোদি বলেন, পাকিস্তানকে বুঝিয়ে দিয়েছি যে, আমার বোনেদের সিঁদুর যারা মুছে দেবে, তাদেরও আমরা মুছে দেব। মোদি বলেন, আজ আমার প্রধানমন্ত্রী হওয়ার ১১ বছর পূর্ণ হল। অপারেশন সিন্দুর থেকেই  স্পষ্ট যে, আমাদের দিকে আক্রমণ হলে আমরা কী করতে পারি। আমাকে দেশবাসী যে কারণে নির্বাচন করেছিল, আমি সেই কাজ যে যথাযোগ্যভাবে সম্পন্ন করেছি সেটারই প্রমাণ হল। পরে ভুজে এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ভারত পর্যটনে বিশ্বাসী। আর পাকিস্তানের মতো একটা দেশ মনে করে সন্ত্রাসই পর্যটন। এরপরই পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে মোদি বলেন, সুখ-শান্তির জীবন কাটাও, রুটি খাও। নাহলে আমার গুলি তো আছেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ