নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের সম্পর্কের উত্তেজনা তুঙ্গে উঠেছে। ওই হামলায় পাক যোগ উঠে আসার পরই চাপ বাড়িয়েছে ভারত। ইতিমধ্যে প্রতিবেশী দেশের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। পাল্টা একই পথে হাঁটছে ইসলামাবাদও। এমনই আবহে ফের উস্কানিমূলক মন্তব্য এক পাকিস্তানি আধিকারিকের। এবার প্রকাশ্যে হুমকি দিলেন রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত মহম্মদ খালিদ জামালি। তিনি বললেন, ভারত হামলা চালালে পূর্ণ শক্তি ব্যবহার করবে পাকিস্তান। এমনকী পরমাণু হামলাও চালানো হবে।
সম্প্রতি জামালির সাক্ষাৎকার নিয়েছিল একটি রুশ টিভি চ্যানেল। সেখানেই ভারতের রোষ নিয়ে পাকিস্তানের আতঙ্কের বিষয়টি তাঁর গলায় উঠে এসেছে। তাঁর দাবি, ‘ভারতীয় সংবাদমাধ্যম ও সেই দেশ থেকে আসা দায়িত্বজ্ঞানহীন বিবৃতি আমাদের এসব কথা বলতে বাধ্য করছে। ফাঁস হওয়া কিছু নথি দেখে আমাদের মনে হচ্ছে যে পাকিস্তানের কয়েকটি অঞ্চলে হামলা চালাতে পারে ভারত। মনে হচ্ছে যে হামলা অনিবার্য।’ এরপরেই হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ‘ভারত-পাকিস্তানের প্রসঙ্গ উঠলে শক্তির নিয়ে সংখ্যাগত হিসেবনিকেশের বিতর্কে যেতে চাই না। তবে আমরা পূর্ণ শক্তি ব্যবহার করব। প্রচলিত ও পারমাণবিক। পাক সেনাকে সবদিক দিয়ে সমর্থন জানাবে আম জনতা।’
২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। তারপর থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। সন্ত্রাসবাদী ও তাদের মদতদাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের বার্তা দিয়েছে ভারত। এরইমধ্যে সম্প্রতি পাক মন্ত্রী হানিফ আব্বাসি পরমাণু হামলার হুমকি দিয়েছিলেন। জানিয়েছিলেন, সিন্ধু জলচুক্তি বাতিল করলেই ভারতকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। এবার একই হুমকি দিলেন রাশিয়ায় নিযুক্ত পাক রাষ্ট্রদূত।