Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ট্রাম্পের শুল্ক নীতি আপাতত বহাল রাখল ফেডেরাল কোর্ট

ট্রাম্পের পাল্টা শুল্ক নীতির জেরে গোটা বিশ্বে বাণিজ্য ক্ষেত্রে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়।

ট্রাম্পের শুল্ক নীতি আপাতত বহাল রাখল ফেডেরাল কোর্ট
  • ৩০ মে, ২০২৫ ১০:০৫
Prefer us on Google

ওয়াশিংটন, ৩০ মে: ট্রাম্পের পাল্টা শুল্ক নীতির জেরে গোটা বিশ্বে বাণিজ্য ক্ষেত্রে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়। চড়া হারে শুল্ক চাপানো হয় একাধিক দেশে। গত ২ এপ্রিল সেই শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিনেডন্ট। যদিও গতকাল, বৃহস্পতিবার আমেরিকার নিউ ইয়র্কের আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত একটি আদালত ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের পদক্ষেপ স্থগিত করে দিয়েছিল। তিন বিচারক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, আইনি এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করেছেন ট্রাম্প। আইনসভায় আলোচনা না করে একতরফা সিদ্ধান্ত নিয়েছেন। অর্থাৎ ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ বেআইনি। যদিও আদালতের সেই রায়ে খুশি ছিল না হোয়াইট হাউস। যার ফলে নিউ ইয়র্কের ওই দেওয়ানি আদালতের রায়ের বিরুদ্ধে ফেডেরাল কোর্টে আপিল করে ট্রাম্প প্রশাসন। আর ট্রাম্প প্রশাসনের আর্জিতে সাড়া দিয়ে আপাতত শুল্ক নীতি বহাল রাখার নির্দেশ দেয় ফেডেরাল কোর্ট।

Advertisement

তবে আগামী ৫ জুনের মধ্যে মামলাকারীদের এবং ৯ জুনের মধ্যে ট্রাম্প প্রশাসনকে এই শুল্ক নীতি নিয়ে বক্তব্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে এই কোর্টের তরফে। নতুন শুল্ক নীতি আরোপের সময়ে ট্রাম্প হাতিয়ার করেছিলেন ১৯৭৭ সালের জরুরি ক্ষমতা সংক্রান্ত একটি আইনকে। সেই আইনের ভিত্তিতেই ট্রাম্পের শুল্ক নীতি আপাতত বহাল রাখার নির্দেশ দিয়েছে ফেডেরাল কোর্ট। যার ফলে স্বস্তিতে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প।নিউ ইয়র্কের দেওয়ানি আদালতের রায়ে বেজায় ক্ষুব্ধ ছিল হোয়াইট হাউস। পুরো বিষয়টি নিয়ে আদালতের কোনও পদক্ষেপ করা উচিত নয় বলে জানিয়েছিলেন হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিয়াভিট। তিনি বলেন, ‘এই লড়াই আমরা আদালতে ঠিকই জিতব। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ