Bartaman Logo
৯ জুন, ২০২৬

কেরল উপকূলে সিঙ্গাপুরের জাহাজে বিস্ফোরণ, উদ্ধারে ভারতীয় নৌসেনা

কেরল উপকূলে জাহাজে ভয়াবহ বিস্ফোরণ। জানা গিয়েছে, ওই জাহাজটি সিঙ্গাপুরের। আজ, সোমবার সকালে বিস্ফোরণের খবর পেয়েই অকুস্থলে পৌঁছয় ভারতীয় নৌসেনা।

কেরল উপকূলে সিঙ্গাপুরের জাহাজে বিস্ফোরণ, উদ্ধারে ভারতীয় নৌসেনা
  • ৯ জুন, ২০২৫ ১৭:০৬
Prefer us on Google

তিরুবনন্তপূরম, ৯ জুন: কেরল উপকূলে জাহাজে ভয়াবহ বিস্ফোরণ। জানা গিয়েছে, ওই জাহাজটি সিঙ্গাপুরের। আজ, সোমবার সকালে বিস্ফোরণের খবর পেয়েই অকুস্থলে পৌঁছয় ভারতীয় নৌসেনা। উদ্ধারকাজের জন্য ভারতীয় রণতরী আইএনএস সুরাতকে পাঠানো হয়। পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছয় একটি যুদ্ধবিমানও। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, জাহাজের মোট ২২ জন সদস্যের মধ্যে ইতিমধ্যেই ১৮ জনকে উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে বিস্ফোরণ, তা এখনও পর্যন্ত জানা যায়নি। 

Advertisement

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, সিঙ্গাপুরের এই পণ্যবাহী জাহাজের নাম এমভি ওয়ান হাই। যেটি গত ৭ জুন শ্রীলঙ্কার কলম্বো থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা হয়। আগামী ১০ জুন, মঙ্গলবার গন্তব্যে পৌঁছানোর কথা ছিল এই জাহাজের। কিন্তু তার আগেই কেরল উপকূলে জাহাজটিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। কারণ জানতে তদন্তও শুরু হয়েছে। আপাতত চলছে উদ্ধারকাজ। জানা গিয়েছে, আজ সকাল সাড়ে ১০টায় বিস্ফোরণের খবর আসে মুম্বই মেরিটাইম অফিসে। সঙ্গে সঙ্গে কোচির দপ্তরে খবর পাঠানো হয়। উদ্ধারের যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া খবর অনুযায়ী, বর্তমানে জাহাজটি মাঝ সমুদ্রে রয়েছে। তাতে বিস্ফোরণ হয়েছে এবং আগুন লেগেছে। ইতিমধ্যেই দুর্ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সবরকম চেষ্টা জারি রেখেছে নৌসেনা। জানা যাচ্ছে, প্রয়োজনে আরও যুদ্ধজাহাজ বা বিমান উদ্ধারকাজে পাঠানো হতে পারে। প্রস্তুত রাখা হয়েছে আইএনএস গরুড়-কেও। পাশাপাশি কীভাবে এই বিস্ফোরণ হল তা জানার চেষ্টাও করা হচ্ছে বলে জানা গিয়েছে। 

সম্পর্কিত সংবাদ