


অমৃতসর: পাঞ্জাবের একটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন পাঁচজন। জখম ২৯। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ভাতিন্ডা এইমস ও স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিস সূত্রে খবর, পাঞ্জাব-হরিয়ানা সীমানার কাছে মুক্তসার জেলার সিংহেওয়ালা গ্রামে একটি বাজি কারখানায় বৃহস্পতিবার রাত একটা নাগাদ ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ওই সময়ে রাতের শিফ্টে কাজ চলছিল। আচমকাই প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে কারখানাটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় পাঁচজন পরিযায়ী শ্রমিকের। জখম হন ২৯ জন। তাঁদের মধ্যেও বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিক রয়েছে বলে খবর। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। জেলা প্রশাসনের নজরদারিতে কয়েক ঘণ্টা ধরে চলে উদ্ধারকাজ।