সংবাদদাতা, ডোমকল: শীতের মরশুম। উত্তরে ঠান্ডা হাওয়া আর মিঠেল রোদ। মিলেমিশে মনোরম পরিবেশে আর বাড়ির উঠানে খোলা জায়গায় বড়ি তৈরিতে ব্যস্ত থাকেন ডোমকলের গৃহিণীরা। এখন মেশিনেও বড়ি তৈরি হয়। তবুও মায়েদের হাতের বড়ির কদর রয়ে গিয়েছে। সেই স্বাদ আলাদাই। তাই সবকিছুতেই আধুনিকতার ছোঁয়া লাগলেও এই ছবির বদল ঘটেনি আজও। বছরের পর বছর ধরে এভাবেই শীত নামতেই ডোমকলের বাড়ি বাড়ি বড়ি তৈরির কাজে মেতে ওঠেন মহিলারা। তা কিছুটা বাড়িতে রাখেন, অনেকে বাজারে বিক্রিও করেন। তবে, অন্যান্যবারের তুলনায় এবার মহার্ঘ্য বড়ি তৈরির মূল উপাদান পাকা চালকুমড়ো। কোথাও ৩০, কোথাও আবার ৩৫, কোথাও ৪০ টাকা প্রতি কেজি দরে পাকা চালকুমড়ো বিক্রি হচ্ছে। আর তাতেই চালকুমড়ো দিয়ে কলাইয়ের বড়ি দিতে গিয়ে বিপাকে পড়েছেন বাড়ির গৃহিণীরা। বাড়তি খরচে অনেকেই বড়ি তৈরি থেকে পিছু হটছেন।
ভোজনরসিক বাঙালির খাদ্য তালিকায় বারবারই আলাদা জায়গা রয়েছে বড়ির। বিভিন্ন রকমের বড়ি থাকলেও শীত পড়তেই কলাইয়ের বড়ি তৈরিতে ধুম দেখা যায়। বড়ি তৈরির মূল উপকরণের একটি কলাইয়ের ময়দা হলেও অপরটি হল পাকা চালকুমড়ো। বেশিরভাগ পরিবারের জমিতে কলাই থাকায় তা নিয়ে সমস্যায় না পড়লেও বড়ি তৈরিতে বাধা হয়ে দাঁড়িয়েছে পাকা চালকুমড়োর দাম। বছর কয়েক আগেও যে চালকুমড়ো প্রতি পিস ৩০ টাকা দরে বিক্রি হয়েছে। এবছর সেই চালকুমড়ো ৩৫ থেকে ৪০ টাকা কেজি দরে বিক্রি হতে শুরু হয়েছে। তাতে মাঝারি থেকে বড় সাইজের একটি চালকুমড়োর প্রতি পিসের দাম পড়ছে ১৫০-২০০ টাকার আশেপাশে। দাম ভালো থাকায় কোথাও কোথাও টোটোয় মাইক বেঁধে প্রতিকেজি ৩৫ টাকা দরেও পাকা চাল কুমড়ো বিক্রি চলছে। ডোমকলের শাহিনা বিশ্বাস নামের এক বধূ বলেন, আগে বড়ি দেওয়ার পর তা সংরক্ষণ করার পাশপাশি শহুরে আত্মীয়দের বাড়ি পাঠাতাম। তবে, এবার চাল কুমড়োর যা দাম, তাতে বড়ি দেওয়ার কথা ভাবতেই ভয় লাগছে। এক-একটি চাল কুমড়ো ১৫০ থেকে ২০০ টাকা দরে বিক্রি করছে।
কিন্তু, কেন চাল কুমড়োর এত দাম? অনেক চাষি চালকুমড়ো ছোট থাকতেই তা সবজি হিসেবে বিক্রি করে দিচ্ছেন। আবার বরফি, মোরব্বা তৈরির জন্য পাইকররা চালকুমড়ো কিনে তা বাইরে পাঠিয়ে দিচ্ছেন। আর এই সব কারণেই বড়ির মরশুমে চাহিদা বাড়ায় দাম বেড়েছে চালকুমড়োর।
জলঙ্গির এক পাইকারি ব্যবসায়ী বলেন, চাল কুমড়োর দর কিছুটা বেশি আছে। তবে, ওই দামেই আমরা চাল কুমড়ো কিনছি। যদিও তাতে আমাদের খুব একটা লস হচ্ছে না। কারণ আমাদের কাছে থেকে চড়া দরেই মোরব্বা, বরফি তৈরির কোম্পানিগুলি চাল কুমড়ো কিনে নিচ্ছে।