Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ডিসেম্বরের গোড়ায় দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডার আশা

বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গ জুড়ে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। আপাতত তিন-চার দিন তাপমাত্রার এই স্থিতাবস্থা মোটামুটি বজায় থাকবে।

ডিসেম্বরের গোড়ায় দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডার আশা
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গ জুড়ে শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। আপাতত তিন-চার দিন তাপমাত্রার এই স্থিতাবস্থা মোটামুটি বজায় থাকবে। তারপর ডিসেম্বরের গোড়াতেই ফের সর্বনিম্ন তাপমাত্রা নিম্নগামী হবে বলে আবহাওয়াবিদরা আশা করছেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে কলকাতায় কিছুটা কনকনে শীত পড়তে পারে। এমন সম্ভাবনা আছে। ৪ ডিসেম্বর নাগাদ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির আশপাশে আসতে পারে। দীর্ঘকালীন পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 

Advertisement

বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস বেড়ে ১৭.৩ ডিগ্রি হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা এদিন প্রায় স্বাভাবিকের কাছাকাছি ছিল। দক্ষিণবঙ্গে সব থেকে কম তাপমাত্রা (১৪ ডিগ্রি) রেকর্ড হয়েছে পুরুলিয়া, শ্রীনিকেতন ও কল্যাণীতে। দক্ষিণবঙ্গ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা এদিন ১-২ ডিগ্রি বেড়েছে। বৃহস্পতিবার পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি ছিল। নভেম্বর মাসে দক্ষিণবঙ্গে কোনও জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির নিচে নামেনি। উত্তুরে হাওয়া সক্রিয় হওয়ার ফলে কয়েকদিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গ জুড়ে কিছুটা কমেছে। কিন্তু দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার জেরে বায়ু প্রবাহের গতিপ্রকৃতির পরিবর্তন হয়েছে। উত্তুরে হাওয়ার সক্রিয়তা কমে যাওয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। 
আবহাওয়া দপ্তর আশা করছে, আগামীকাল রবিবার সকাল নাগাদ ঘূর্ণিঝড় তামিলনাড়ু-অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে চলে আসবে। তখন এটি দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। আগামী সপ্তাহে, ডিসেম্বরের শুরুতেই বঙ্গোপসাগরের এই সিস্টেমটির পরোক্ষ প্রভাব আর দক্ষিণবঙ্গে বিশেষ থাকবে না। তখন উত্তুরে হাওয়া ফের সক্রিয় হবে। উত্তর-পশ্চিম ভারতে ডিসেম্বরের শুরুতে শৈত্যপ্রবাহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তার প্রভাবে উত্তুরে হাওয়া ডিসেম্বরের প্রথম সপ্তাহে বেশি মাত্রায় শীতলতা টেনে আনতে পারে দক্ষিণবঙ্গে। তখন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির আশাপাশে চলে আসতে পারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ