নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবীন্দ্র সদন চত্বরের একতারা মঞ্চের মাঠে চলছে দেশের সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরকে নিয়ে প্রদর্শনী। আয়োজক রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধীনস্থ পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য আকাদেমি। এখানে আম্বেদকরের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সমস্ত ঘটনাবলী উল্লেখ করা হয়েছে। রয়েছে আম্বেদকরের হাতে তৈরি ভারতের সংবিধানের প্রস্তাবনা। যেখানে রয়েছে ‘সোশ্যালিস্ট’, ‘সেকুলার’ শব্দ। মনু সংহিতার বিরুদ্ধে আম্বেদকরের লড়াইয়ের কথা উল্লেখ রয়েছে। আকাদেমির চেয়ারপার্স তথা রাজ্যের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলছিলেন, ‘বিজেপি-আরএসএসের আমলে সংবিধান আজ আক্রান্ত। সংবিধানের জন্য আমরা দলিত মানুষরা ক্ষমতা পেয়েছি। ওরা সংবিধান বদলাতে চায়। আমরা যেখানে পারব, সেখানে সংবিধানের কথা তুলে ধরব।’



