


পাটনা: বিধায়ককে মুখের উপর জবাব পঞ্চায়েত সচিবের। জানিয়ে দিলেন, ভয় পাই না। চাইলে ট্রান্সফারও করতে পারেন। সময় হলে ঠিকই কাজ হবে। এমনকী মুখের উপর ফোন কেটেও দিলেন সচিব। না, ওটিটির বিখ্যাত সিরিজ ‘পঞ্চায়েত’-র কোনও দৃশ্য নয়! বাস্তবেই এমন ঘটনা ঘটেছে পড়শি রাজ্য বিহারে। মানেরের আরজেডি বিধায়ক ও পঞ্চায়েত সচিবের সেই ফোনালাপ সমাজমাধ্যমে এখন তুমুল ‘ভাইরাল’।
রেকর্ড করা কথোপকথনে শোনা যাচ্ছে, এক ব্যক্তির মৃত্যুর শংসাপত্রের বিষয়ে কথা বলার জন্য ওই সচিবকে ফোন করেছিলেন আরজেডি বিধায়ক ভাই বীরেন্দ্র। গলা শুনে তাঁকে চিনতে পারেননি সচিব। ফোনের ওপারে থাকা ব্যক্তির নাম জিজ্ঞাসা করতেই মেজাজ হারান বিধায়ক। তিনি বলেন, ‘তুমি ভাই বীরেন্দ্রকে চেন না? মানেরের ভাই বীরেন্দ্র! তুমি কি চাও আমি তোমার কাছে নিজের পরিচয় দিই?’ পাল্টা সচিব বলেন, ‘আপনি আপনার পরিচয় দিলে তবেই তো চিনতে পারব।’
এরপরেই ভাই বীরেন্দ্র বলেন, ‘তুমি কি ইংল্যান্ডে থাক? তুমি মানেরের বিধায়ককে জানো না? গোটা দেশ আমায় চেনে।’ উত্তরে সচিব বলেন, ‘হ্যাঁ, বিধায়কজি, বলুন।’ এতে আরও চটে যান বিধায়ক। ওই আধিকারিককে জুতো দিয়ে মারার কথাও শোনা যায় তাঁর মুখে। তিনি বলেন, ‘তোমায় জুতো দিয়ে মারব। চাইলে এই ফোন কল রেকর্ড করে রাখো। আমাকে অভিবাদন জানানো উচিত ছিল তোমার।’
পাল্টা বিধায়ককে পঞ্চায়েত সচিব সাফ জানিয়ে দেন, ‘আপনি যেভাবে কথা বলবেন, আমিও সেভাবেই উত্তর দেব। আপনাকে আমি ভয় পাই না। চাইলে আপনি আমাকে ট্রান্সফার করে দিতে পারেন।’ বিধায়ক ফের হুমকি দিতে গেলে সচিব বলেন, ‘কাজ নিয়ে কথা বলুন। আপনার কাজ হয়ে গেলে জানিয়ে দেওয়া হবে।’ এরপরেই ফোন কেটে দেন তিনি। দুজনের কথোপকথন ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়াজুড়ে তুমুল আলোড়ন শুরু হয়েছে। অনেকেই এই বাকবিতণ্ডার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-র দৃশ্যের।