Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

এভারেস্ট জয় করে ইতিহাস ত্রিপুরার তরুণের, স্বপ্নপূরণ মেঘালয়ের কলেজছাত্রীরও, মৃত্যু দুই পর্বতারোহীরও

ত্রিপুরার জন্য গর্বের মুহূর্ত। রাজ্যের প্রথম পর্বতারোহী হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন অরিত্র রায়।

এভারেস্ট জয় করে  ইতিহাস ত্রিপুরার তরুণের, স্বপ্নপূরণ মেঘালয়ের কলেজছাত্রীরও, মৃত্যু দুই পর্বতারোহীরও
  • ২১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা, আগরতলা: ত্রিপুরার জন্য গর্বের মুহূর্ত। রাজ্যের প্রথম পর্বতারোহী হিসেবে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন অরিত্র রায়। সোমবার নেপালের স্থানীয় সময় সকাল ৭ টা ৩১ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছন অরিত্র। একরাশ স্বপ্নকে সঙ্গী করে বাইসাইকেলে চেপেই এভারেস্ট অভিযানে বেরিয়ে পড়েছিলেন তিনি। চলতি বছরের ১৬ই মার্চ অরিত্র তাঁর এই ঐতিহাসিক যাত্রা শুরু করেছিলেন। তাঁর এই অদম্য সাহস ও দৃঢ় মনোভাব গোটা রাজ্যের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। এদিকে মেঘালয়ের জন্যও খুশির খবর। ন্যাশনাল ক্যাডেট কর্পস (এনসিসি)- ২০ বছরের ক্যাডেট তথা সেন্ট অ্যান্টনি’স কলেজের ছাত্রী রিফিনেস ওয়ার্জরি জয় করলেন বিশ্বের এই সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। মেঘালয়ের তৃতীয় মহিলা পর্বতারোহী হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন ওয়ার্জরি। অন্যদিকে, মাউন্ট এভারেস্ট জয়ের আগেই পথচলা থামল রাজস্থানের পর্বতারোহী রাকেশ বিষ্ণোই ও রোমানিয়ান এক ভিডিওগ্রাফার জসোল্ট ভাগোর। তাঁরা ৮,৫১৬ মিটার উচ্চতার মাউন্ট লোৎসে অভিযানে প্রাণ হারিয়েছেন। সফলভাবে মাউন্ট লোৎসে জয়ের পর ইয়েলো ব্যান্ডের কাছে মৃত্যু হয় রাকেশের।  রোমানিয়ার টেলিভিশন অপারেটর জসোল্ট ভাগোর মৃত্যু হয় লোৎসে শৃঙ্গের কুলোয়ারের কাছে। তাঁদের দেহ উদ্ধারের প্রচেষ্টা চলছে বলে জানা গিয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ