


নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০২৪-২৫ আর্থিক বছরের সাধারণ বাজেটে কর্মসংস্থান ভিত্তিক উৎসাহভাতা (ইএলআই স্কিম) প্রদানের ঘোষণা করেছিল মোদি সরকার। কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিই ছিল এর অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য। কর্মরত এবং নিয়োগ কর্তা—দু’পক্ষের জন্যই এই কর্মসূচির আওতায় শর্তসাপেক্ষে উৎসাহভাতা প্রদানের বন্দোবস্ত করেছিল কেন্দ্র। কিন্তু বাস্তবে কি এই কর্মসূচিতে বিশেষ সাড়া মিলছে না? আপাতত এই প্রশ্নকে কেন্দ্র করে জল্পনার সৃষ্টি হয়েছে।
কারণ ইএলআই অথবা এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেনটিভ স্কিমের পরিষেবা পেতে হলে ইউএএনের (ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর) অ্যাক্টিভেশন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ করতেই হবে ইপিএফ গ্রাহকদের। সরকারি সূত্রের খবর, এক্ষেত্রেই উল্লেখযোগ্য হারে সাড়া না মেলার অভিযোগ উঠছে। আর সেই কারণেই বারবার এই সংযুক্তিকরণের সময়সীমা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করতে হচ্ছে শ্রমমন্ত্রকের আওতাধীন কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনকে (ইপিএফও)। দেখা যাচ্ছে, ২০২৪ সালের ২২ নভেম্বর থেকে গত ৩০ মে পর্যন্ত মোট ছ’মাসে সাত দফায় সময়সীমা বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে ইপিএফও।
শেষবার ৩০ মে জানানো হয়েছে, ইএলআই স্কিমের পরিষেবা পেতে ইউএএন অ্যাক্টিভেশন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগের সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত বৃদ্ধি করা হল। অতীতেও দফায় দফায় এই মর্মেই বিজ্ঞপ্তি জারি করতে হয়েছে ইপিএফওকে। ইউএএনের অ্যাক্টিভেশন কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ শুধুমাত্র যে ইএলআই স্কিমের পরিষেবা পেতেই ব্যবহৃত হয়, তা নয়। কর্মী পিএফ (ইপিএফ) সংক্রান্ত যে-কোনও পরিষেবা পেতেই এই সংযুক্তিকরণ প্রয়োজন হয়। ফলে প্রশ্ন উঠছে, ইপিএফের অন্যান্য কাজ তাহলে কীভাবে চলছে? নাকি গ্রাহক পরিষেবাই কার্যত মুখ থুবড়ে রয়েছে? যদিও এই বিষয়ে ইপিএফওর পক্ষ থেকে মন্তব্য করা হয়নি।