নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী সপ্তাহেই বসছে ইপিএফও অছি পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক। আগামী ১১ এবং ১২ অক্টোবর বেঙ্গালুরুতে বসতে চলেছে ওই বৈঠক। শ্রমমন্ত্রক সূত্রের খবর, ইপিএফও অছি পরিষদের ওই বৈঠকে কর্মী পিএফের (ইপিএফ) মাসে ন্যূনতম পেনশনের পরিমাণ বৃদ্ধির সিদ্ধান্ত একপ্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে। এই মুহূর্তে ইপিএফের ন্যূনতম পেনশনের পরিমাণ মাসে এক হাজার টাকা। আগামী সপ্তাহে শ্রমমন্ত্রকের আওতাধীন ইপিএফও অছি পরিষদের বৈঠকে তা বাড়িয়ে মাসে সর্বোচ্চ আড়াই হাজার টাকা করা হতে পারে। এমনই জানানো হয়েছে সরকারি সূত্রে। ইপিএফের ন্যূনতম পেনশনের পরিমাণ বাড়ানোর ব্যাপারে ইতিপূর্বে একাধিকবার সুপারিশ করেছিল শ্রম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। যদিও কেন্দ্রের মোদি সরকার তাতে কর্ণপাত করেনি। বিহার সহ বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনের মুখে দীপাবলির উপহার হিসেবে ইপিএফ পেনশন বৃদ্ধি করতে উদ্যোগী হয়েছে কেন্দ্র।



