Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ইউপিআই ও এটিএম কার্ড একযোগে চালু সম্ভব নয়, মানছেন ইপিএফ কর্তারাই

ইউপিআই লেনদেন অথবা এটিএম কার্ড। ইপিএফ পরিষেবায় যে-কোনও একটিই সুবিধা যোগ করতে চায় শ্রমমন্ত্রক এবং তার আওতাধীন ইপিএফও। ঘোষণা হলেও দু’টো পরিষেবা একসঙ্গে চালু করা একপ্রকার অসম্ভব।

ইউপিআই ও এটিএম কার্ড একযোগে চালু সম্ভব নয়, মানছেন ইপিএফ কর্তারাই
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ইউপিআই লেনদেন অথবা এটিএম কার্ড। ইপিএফ পরিষেবায় যে-কোনও একটিই সুবিধা যোগ করতে চায় শ্রমমন্ত্রক এবং তার আওতাধীন ইপিএফও। ঘোষণা হলেও দু’টো পরিষেবা একসঙ্গে চালু করা একপ্রকার অসম্ভব। এই কথা মেনে নিচ্ছেন ইপিএফওর কর্তাব্যক্তিদের একটি বড় অংশই। এই পরিস্থিতিতে সরকারি সূত্রে জানা যাচ্ছে, আগামী ১৫ দিনের মধ্যে ইপিএফের নয়া পরিষেবা সম্পর্কিত চূড়ান্ত দিশানির্দেশ স্থির করার জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কড়া নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। সেইমতো চলতি মাসের শেষে এই সংক্রান্ত পরিষেবা চালু করতে মরিয়া মোদি সরকার। 

Advertisement

সরকারি সূত্রের খবর, আধিকারিকদের কেন্দ্রীয় মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ইতিমধ্যেই ইপিএফের এটিএম কার্ড চালু করতে অনেক দেরি হয়ে গিয়েছে। অন্যদিকে ইপিএফের গ্রাহকরা ইউপিআই লেনদেনের প্রত্যাশাও করছেন। তাই পুরো বিষয়টি খতিয়ে দেখে বাস্তবায়নের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত ১৫ দিনের মধ্যে নিন এবং সেইমতো রিপোর্ট দিন। 
প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, এটিএম কার্ডের মাধ্যমে ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার আগে নিয়মমতো আবেদন করতেই হবে গ্রাহককে। অনুমোদনের পর তিনি এটিএম থেকে টাকা তুলে নিতে পারবেন। সেই অনুমোদন যাতে আবেদনের কার্যত অব্যবহিত পরেই পাওয়া যায়, নতুন সফটওয়্যার ব্যবস্থায় তা নিশ্চিত করবে ইপিএফও। কিন্তু এখনও অন্যতম যে দু’টি মূল প্রশ্নের জবাব মেলেনি, তা হল ১) এর জন্য কি নির্দিষ্ট এটিএম কার্ড চালু করা হবে? নাকি গ্রাহকের সুবিধেমতো কোনও এটিএম কার্ডের সঙ্গে তা ‘লিঙ্কড’ অবস্থায় থাকবে? এবং ২) কোন ব্যাঙ্কের এটিএম কিয়স্ক থেকে এই পরিষেবা মিলবে? নাকি যে-কোনও ব্যাঙ্কের এটিএম যন্ত্রেই কর্মী পিএফের কার্ড কাজ করবে? এরই পাশাপাশি আরও একাধিক টেকনিক্যাল ইস্যু উঠে আসছে। তারই চূড়ান্ত দিশানির্দেশের জন্য আধিকারিকদের পদক্ষেপ করতে বলা হয়েছে।

সম্পর্কিত সংবাদ