Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পাঁচটা ক্যাচ ফেলল ইংল্যান্ড, লিড নিল অস্ট্রেলিয়া

জমে উঠেছে অ্যাসেজের দ্বিতীয় টেস্ট। গাব্বায় গোলাপি বলের এই ম্যাচে দ্বিতীয় দিনের শেষে অ্যাডভান্টেজ পজিশনে আপাতত অস্ট্রেলিয়া

পাঁচটা ক্যাচ ফেলল ইংল্যান্ড, লিড নিল অস্ট্রেলিয়া
  • ৬ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ব্রিসবেন: জমে উঠেছে অ্যাসেজের দ্বিতীয় টেস্ট। গাব্বায় গোলাপি বলের এই ম্যাচে দ্বিতীয় দিনের শেষে অ্যাডভান্টেজ পজিশনে আপাতত অস্ট্রেলিয়া। শুক্রবার সকালে ৯ উইকেটে ৩২৫ নিয়ে শুরু করেছিল ইংল্যান্ড। দ্রুত দাঁড়ি পড়ে তাদের ইনিংসে (৩৩৪)। জোফ্রা আর্চারের (৩৮) ক্যাচ স্কোয়ার লেগে সামনে ঝাঁপিয়ে অনবদ্য ভঙ্গিতে ধরেন মার্নাস লাবুশানে। অ্যাসেজের ইতিহাসে অন্যতম সেরা ক্যাচ হিসেবে যা চিহ্নিত হচ্ছে। জো রুট অপরাজিত থাকেন ১৩৮ রানে। 

Advertisement

জবাবে দিনের শেষে পাঁচ উইকেটে ৩৭৮ তুলেছে অজিরা। জেক ওয়েদারাল্ড (৭২), লাবুশানে (৬৫) ক্যাপ্টেন স্টিভ স্মিথ (৬১), ক্যামেরন গ্রিন (৪৫), ট্রাভিস হেড (৩৩), জস ইংলিশরা (২৩) প্রত্যেকেই অবদান রেখেছেন লিড সুনিশ্চিত করায়। এখন ক্রিজে অ্যালেক্স কেরির (৪৬) সঙ্গী মাইকেল নেসের (১৫)। আপাতত ৪৪ রানে এগিয়ে হোমটিম। লিড যতটা সম্ভব এগিয়ে নিয়ে যাওয়াই তাদের লক্ষ্য। ইংল্যান্ড অবশ্য মোট পাঁচটি ক্যাচ ফেলেছে। ট্রাভিস হেড, অ্যালেক্স কেরি, মাইকেল নেসের ক্যাচ ফেলেন যথাক্রমে জেমি স্মিথ, বেন ডাকেট ও ব্রাইডন কার্স। পরে ডাকেট আরও একটি ক্যাচ হাতছানা করেন। জো রুটও ফেলেন একটি ক্যাচ। ইংল্যান্ডের সফলতম বোলার ব্রাইডন কার্স (৩-১১৩)। ক্যাপ্টেন বেন স্টোকস নেন দুই উইকেট। 
এদিন মোট ৩৮৭ রান উঠল গাব্বায়। দিন-রাতের টেস্টে কোনও একদিনে যা সর্বাধিক। এর আগে ২০১৯ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের টেস্টে একদিনে ৩৮৩ রান উঠেছিল। সেটাকে এদিন টপকে গেল ব্রিসবেন। দিনের শেষে রুট বলেন, ‘অ্যাসেজে সেঞ্চুরি করতে পারলে তার সন্তুষ্টিই আলাদা। আমরা অবশ্য নিজেদের সেরাটা এখনও দিইনি। এদিন অনেকগুলো ক্যাচ ফেলেছি। কিছুই যেন হাতে জমছিল না। তবে শেষপর্বে অস্ট্রেলিয়াকে ধাক্কা দেওয়া গিয়েছে।’

সম্পর্কিত সংবাদ