নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কাল, মঙ্গলবার দিল্লিতে জরুরি বৈঠকে বসতে চলেছেন লোকসভার তৃণমূল কংগ্রেস সাংসদরা। দিল্লিতে দলের কার্যালয়ে এই বৈঠক হবে। বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা ওই বৈঠকে। তবে তড়িঘড়ি এই বৈঠক কেন, তা নিয়ে তৃণমূল শিবিরে চর্চা তুঙ্গে। মনে করা হচ্ছে, পাকিস্তানের সঙ্গে সংঘাত এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করতে পারেন তৃণমূল সাংসদরা।
এদিকে, বিদেশের মাটিতে দাঁড়িয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বার্তা দিচ্ছেন ডায়মন্ডহারবারের সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষয়টি তৃণমূলের সাংসদদের বৈঠকে উঠে আসার কথা। দেশের সুরক্ষা সংক্রান্ত বিষয়ে তৃণমূল কেন্দ্রের পাশে রয়েছে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে কেউ যেন কোনও অপ্রীতিকর বা বিতর্কিত মন্তব্য না করেন, সেই নিয়েও সকলকে সচেতন করা হতে পারে। ইতিমধ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছেন, সর্বদলীয় প্রতিনিধিদলগুলি বিদেশ সফর শেষ করে দেশে ফেরার পর সংসদের বিশেষ অধিবেশন ডাকা হোক। এই বিষয়টি নিয়েও তৃণমূল সাংসদরা বৈঠকে আলোচনা করতে পারেন।