নয়াদিল্লি: নানাবিধ সমস্যার জেরে গত ৪৮ ঘণ্টা ধরে লাগাতার বিমান বাতিল করতে বাধ্য হচ্ছে ইন্ডিগো। তা নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। এর দোসর হল ভুয়ো বোমাতঙ্ক এবং বিমান ধ্বংসের হুমকি! দুয়ের জেরে বৃহস্পতিবার ইন্ডিগোর দু’টি বিমানকে জরুরি অবতরণ করানো হল। প্রথম উড়ানটি মদিনা থেকে হায়দরাবাদ যাচ্ছিল। ভুয়ো বোমাতঙ্কের জেরে আমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হন পাইলট। দ্বিতীয় বিমানটিও হায়দরাবাদ যাচ্ছিল, তবে শারজা থেকে। মাঝ আকাশে সেটিকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় ই-মেলের মাধ্যমে। আর দেরি করেননি। মুম্বইয়ে জরুরি অবতরণ করানো হয় বিমানটিকে।



