ঢাকা: ডিসেম্বরে বাংলাদেশে সাধারণ নির্বাচন আয়োজনের জন্য ইউনুস সরকারের উপর চাপ বাড়িয়েছে সেনাবাহিনী ও বিএনপি। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ সূত্রে খবর, ডিসেম্বর নয়, আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি। উপদেষ্টা পরিষদ সূত্রে জানা গিয়েছে, ২০২৬ সালে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে রমজান শুরু হবে। তারপরে বিভিন্ন পরীক্ষা রয়েছে। এছাড়া মার্চ, মে ও জুন মাসে গরম ও ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। তাই সব মিলিয়ে ফেব্রুয়ারিতেই নির্বাচন হওয়ার সম্ভাবনা বেশি।
এদিকে, নতুন করে চাপে পড়েছে মহম্মদ ইউনুসের তত্ত্বাবধায়ক সরকার। কয়েকদিন ধরেই নতুন আইন বাতিলের দাবিতে কর্মবিরতি পালন করছেন সরকারি কর্মীরা। এবার অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরুর কথা ঘোষণা করলেন হাজার হাজার প্রাথমিক শিক্ষক। তাঁদের দাবি, অবিলম্বের বেতন বৃদ্ধি করতে হবে। এছাড়া দ্রুত পদোন্নতি, ভারপ্রাপ্ত শিক্ষকদের প্রধান শিক্ষক পদে নিয়োগের দাবিও জানিয়েছেন তাঁরা। গত ৫ মে থেকেই আংশিক কর্মবিরতি পালন করছিলেন প্রাথমিক শিক্ষকরা। মঙ্গলবার থেকে সম্পূর্ণ ধর্মঘটের পথে হাঁটার সিদ্ধান্ত নেন তাঁরা।
অন্যদিকে, একাধিক সচিবের সঙ্গে বৈঠকের পর বুধবারের জন্য আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন সরকারি কর্মীরা। আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা আইনের কোনও সংশোধন নয়, পুরোপুরি বাতিল চান। সরকারের সিদ্ধান্তের জন্য বুধবারের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।