


লখনউ: নির্বাচন নিয়ে ভোটারদের সচেতন করতে ক্রিকেটার রিঙ্কু সিংকে উত্তরপ্রদেশের ‘ব্র্যান্ড অ্যাম্বাসাডর’ ঘোষণা করেছিল জাতীয় নির্বাচন কমিশন। কিন্তু সেই দায়িত্ব থেকে রিঙ্কুকে সরিয়ে দেওয়া হল। সম্প্রতি রিঙ্কু সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের সঙ্গে বাগদান সেরেছেন। কমিশন জানিয়েছে, রিঙ্কুর হবু স্ত্রী যেহেতু একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তাই সচেতনতা প্রচারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের সমস্ত জেলা থেকে রিঙ্কুর ছবি ও নাম সম্বলিত পোস্টার, ব্যানার, ভিডিও বা ডিজিটাল কনটেন্ট সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। জেলা প্রশাসনগুলির কাছে এই সংক্রান্ত নির্দেশিকাও চলে গিয়েছে।
গত ৯ জুন জৌনপুরের মছলিশহরের সাংসদ প্রিয়ার সঙ্গে রিঙ্কুর বাগদান সম্পন্ন হয়। ওই অনুষ্ঠানে ২০ জনেরও বেশি সাংসদ উপস্থিত ছিলেন। এর মধ্যে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব, তাঁর স্ত্রী ডিম্পল, জয়া বচ্চন, রামগোপাল যাদব অন্যতম। কমিশন সূত্রে জানা গিয়েছে, সাধারণ মানুষের মধ্যে ভোট নিয়ে সচেতনতা গড়ে তোলার ক্ষেত্রে নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি। ক্রিকেটার হিসেবে রিঙ্কু সিংয়ের জনপ্রিয়তা নিয়ে কোনও সন্দেহ নেই, সেজন্যই তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বেছে নেওয়া হয়েছিল। কিন্তু তাঁর ব্যক্তিগত সম্পর্কের জন্য সচেতনতা প্রচারের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন উঠতে পারে। যদিও এই নিয়ে রিঙ্কু বা প্রিয়া কোনও মন্তব্য করেননি।
কমিশনের সিদ্ধান্ত নিয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, নির্বাচন কমিশনের এই পদক্ষেপ ‘অতি-সাবধানী’। কারণ, রিঙ্কু নিজে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। আবার অন্য অংশের মতে, নিরপেক্ষতা বজায় রাখতে কমিশন একদম ঠিক পদক্ষেপ করেছে।