নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্কুলের লাইব্রেরিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বই রাখার সুপারিশ করল স্কুলশিক্ষা দপ্তর। সম্প্রতি রাজ্যের স্কুলগুলিকে মোট ২০ কোটি ২৬ লক্ষ টাকা লাইব্রেরি খাতে বরাদ্দ করেছে রাজ্য সরকার। এর ফলে প্রতিটি স্কুল এক লক্ষ টাকা করে অনুদান পাবে। তবে, অনুদানের সঙ্গে সঙ্গে তা দিয়ে কী কী বই কিনতে হবে, সেই তালিকাও দেওয়া হয়েছে। রাজ্যের সব ক’টি জেলাকে চারটি সেটে ভাগ করা হয়েছে। প্রতি সেটের অন্তর্ভুক্ত স্কুলগুলিকে রাখতে হবে ৫৬০টি বই। বিভিন্ন মনীষী, লেখক, বিজ্ঞানী এবং কবিদের লেখা বইয়ের পাশাপাশি প্রতি সেটে মুখ্যমন্ত্রীর লেখা ১৯টি বই রাখা হয়েছে। সেট ভেদে সেই বইয়ের তালিকাও ভিন্ন হয়েছে।



