


অম্বরীশ চট্টোপাধ্যায়, বারাকপুর:
ইস্ট বেঙ্গল-৬ : বিএসএস-০
(চাকু, ডেভিড, আশিক, নাসিব, মার্ক জো, গুইতে)
দুপুর থেকেই আকাশের মুখ ভার। বিকেল হতেই বারাকপুরে মুষলধারে বৃষ্টি। আর বিভূতিভূষণ বন্দোপাধ্যায় স্টেডিয়ামে ইস্ট বেঙ্গলের গোলের বন্যায় ভেসে গেল বিএসএস। ডার্বির পরের ম্যাচে পয়েন্ট খোয়ানোর ফাঁড়া কাটিয়ে মশাল বাহিনী জিতল ৬-০ গোলে। স্কোরশিটে নাম তুললেন যথাক্রমে চাকু মাণ্ডি, ডেভিড, আশিক, নাসিব, মার্ক জো ও গুইতে। ডার্বির পর বড় ব্যবধানে জয়ে কোচ বিনোর মুখে চওড়া হাসি। তাঁর মন্তব্য, ‘দল ধারাবাহিকতা দেখিয়েছে। সুপার সিক্সের লক্ষ্যে আমাদের পয়েন্ট নষ্ট করলে চলবে না। তাই এই জয় আত্মবিশ্বাস বাড়াবে।’ এই জয়ের সুবাদে ৬ ম্যাচে ইস্ট বেঙ্গলের সংগ্রহ ১১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ এ’তে শীর্ষে রয়েছে সুরুচি সঙ্ঘ।
ডার্বির দলের প্রথম একাদশে এদিন পাঁচটি পরিবর্তন এনেছিলেন কোচ বিনো জর্জ। তবে জল থই থই মাঠে বাংলা ফুটবলের মায়া কাটিয়ে ম্যাচের রাশ ধরতে প্রভাতদের সময় লাগল ১৮ মিনিট। তন্ময়ের কর্নার থেকে প্রভাতের হেড গোললাইন সেভ হয়। ফিরতি বল আড়াআড়ি শটে জালে পাঠান চাকু মাণ্ডি (১-০)। এই গোলের পরেই বিএসএস রক্ষণ তাসের ঘরের মতো ভেঙে পড়ে। সেই সুযোগ কাজে লাগাতে ভুল করেননি সুমনরা। ৩০ মিনিটে নাসিবের পাস থেকে দুই ডিফেন্ডারকে ঘাড়ে নিয়ে ডেভিডের লক্ষ্যভেদে ছিল নৈপুণ্যের ছাপ (২-০)। দু’মিনিট পরে ফের জাল কাঁপিয়ে ব্যবধান ৩-০ করলেন আশিক।
বিরতির পর শ্যামল, অনন্থু এবং রামসাঙ্গা মাঠে আসতেই আরও ক্ষুরধার দেখাল মশাল বাহিনীকে। এই পর্বে একের পর এক আক্রমণে বিএসএস রক্ষণে কাঁপুনি ধরালেন লাল-হলুদ ফুটবলাররা। ৭২ মিনিটে আশিকের পাস থেকে জাল কাঁপালেন নাসিব (৪-০)। দু’মিনিট পরেই ফের লক্ষ্যভেদ মশাল বাহিনীর। এবার স্কোরশিটে নাম তোলেন সুপার-সাব মার্ক জোথানপুইয়া (৫-০)। ছোট চিপে তাঁকে বল সাজিয়ে দিয়েছিলেন গুইতে। উল্লেখ্য, অনন্থুর জায়গায় মাঠে এসেছিলেন মার্ক জো। ৭৫ মিনিটে বিএসএসের কফিনে শেষ পেরেকটি পোঁতেন গুইতে। মার্ক জো’র দূরপাল্লার শর্ট প্রতিপক্ষ গোলরক্ষকের হাত ছিটকে বেরিয়ে যায়। ফিরতি বল গোলে ঠেলতে ভুল হয়নি গুইতের (৬-০)। তবে মাঠের অবস্থা বেশ খারাপ। বেশ কিছু জায়গায় জল দাঁড়িয়ে। ঠিকঠাক বল গড়াচ্ছে না। এমন প্রতিকূলতার মধ্যেও এদিন দুরন্ত টিম গেম উপহার দিল বিনো ব্রিগেড।
ইস্ট বেঙ্গল: গৌরব, বিক্রম, চাকু, প্রভাত, নাসিব, রোশাল (অনন্থু/মার্ক জো), সুমন, তন্ময় (শ্যামল), আশিক কে, আশিক এস (গুইতে) ও ডেভিড (রামসাঙ্গা)।