নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার ৪৯ বছরে পা দিলেন ইস্ট বেঙ্গলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোঁ। বর্তমানে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। তবে কোচের জন্মদিনেই সমর্থকদের সুখবর দিল লাল-হলুদ টিম ম্যানেজমেন্ট। আরও এক বছর স্প্যানিশ কোচের সঙ্গে চুক্তি নবীকরণ করল ক্লাব। এদিন ইমামি ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। প্রতিক্রিয়ায় অস্কার বলেন, ‘আরও এক বছর ইস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত থাকতে পেরে ভালো লাগছে। গতবার শুরুটা ভালো হয়নি। তবে সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার আমাদের জয়ের মানসিকতা মেলে ধরতে হবে।’
গতবার লিগের মাঝপথে ইস্ট বেঙ্গলের দায়িত্ব নিয়েছিলেন অস্কার ব্রুজোঁ। তাঁর প্রশিক্ষণে দল এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছয়। পাশাপাশি আইএসএলে প্রথম ছ’ম্যাচে হারের পরও দল একটা সময় প্লে-অফের দৌড়ে ছিল। তবে ফুটবলারদের একের পর এক চোট আঘাত ব্রুজোঁর কাজটা কঠিন করে তোলে। আসন্ন মরশুমে তাই নিজের মতো করে দল গোছাচ্ছেন স্প্যানিশ কোচ। ইতিমধ্যেই তাঁর অধীনে খেলা মিগুয়েলকে চূড়ান্ত করেছে ক্লাব। আরও দু’জন ভালো মানের বিদেশির পাশাপাশি বেশ কয়েকজন ভারতীয় ফুটবলারও দলে নিতে চাইছেন অস্কার। সেই তালিকায় নাম রয়েছে জাতীয় দলে খেলা দুই ডিফেন্ডারের।