গুয়াহাটি ও নয়াদিল্লি: বিদেশের মাটিতে সক্রিয় ভারত বিরোধী সংগঠনগুলির প্রতি কড়া বার্তা। পাকিস্তানে ‘অপারেশন সিন্দুরে’র সাড়ে পাঁচ মাস পর এবার মায়ানমারের মাটিতে বড়সড় হামলা। ভারত বিরোধী বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে চলল ভয়াবহ ড্রোন হামলা। মায়ানমারের সাগাইং অঞ্চলে ভারতীয় বাহিনীর এই ড্রোন হামলায় নিখুঁতভাবে নিশানা বানানো হয়েছে একযোগে এনএসসিএল (কে-ওয়াইএ), উলফা (আই) এবং পিএলএ-র জঙ্গি শিবিরগুলিকে। মৃত্যু হয়েছে অন্তত ৮ জঙ্গির। তার মধ্যেই রয়েছে এনএসসিএল (কে-ওয়াইএ)-এর শীর্ষ কমান্ডার মেজর জেনারেল পি আং মাই। মঙ্গলবার ভোররাতের এই ড্রোন হামলায় মায়ানমারের মাটিতে সক্রিয় ভারত বিরোধী এই সংগঠনগুলির পরিকাঠামোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর।



