Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আগুন নিয়ে খেলবেন না, আক্রমণ মমতার, ভোটারদের নাম কাটার চক্রান্ত, বিএলওদের হুমকি দিচ্ছে কমিশন

ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বুধবার রাজ্যে এসে বৈঠক করেছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল।

আগুন নিয়ে খেলবেন না, আক্রমণ মমতার, ভোটারদের নাম কাটার চক্রান্ত, বিএলওদের হুমকি দিচ্ছে কমিশন
  • ১০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) নিয়ে বুধবার রাজ্যে এসে বৈঠক করেছে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। বৃহস্পতিবার কোলাঘাটে নির্বাচনী আধিকারিকদের সঙ্গে আরও একপ্রস্থ বৈঠক করে দিল্লি উড়ে যায় ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বাধীন দল। তার কয়েক ঘণ্টার মধ্যেই এসআইআরের কারণে বৈধ ভোটারদের নাম বাদ পড়ার আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুর সপ্তমে চড়িয়ে তাঁর অভিযোগ, বিজেপি পার্টি অফিসের তৈরি তালিকায় নির্বাচন কমিশন নিজের স্ট্যাম্প লাগিয়ে এরাজ্যের ন্যায্য ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে। আর এসবের পিছনে আর কেউ নন, স্বয়ং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কারসাজি রয়েছে বলতেও এদিন দ্বিধা করেননি মমতা। তাঁর সাফ কথা, ‘কিছুদিন আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁদের দলের একটি বৈঠকে বলে গিয়েছেন যে, এরাজ্যে অনেক নাম বাদ পড়বে। আবার অপর এক কেন্দ্রীয় মন্ত্রীও (বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর) দেড় কোটি ভোটারের নাম বাদ পড়ার কথা বলেছেন। এসআইআরের আগেই কীভাবে একথা বলছেন বিজেপির মন্ত্রীরা?’

Advertisement

অগ্নিশর্মা মমতার তোপ, ‘বিহারে ডাবল ইঞ্জিন সরকার আছে। তাই সেখানে পার্টি অফিসে বসে এসআইআরের তালিকা তৈরি করা যায়। এর সঙ্গে বাংলাকে  মেলাবেন না। এরাজ্যের কোনও বৈধ নাগরিকের নাম বাতিল হলে বাংলার মানুষ প্রতিরোধ গড়ে তুলবে। সেক্ষেত্রে জন-বিস্ফোরণের জন্য তৈরি থাকতে হবে গেরুয়া শিবিরকে।’ বিজেপি-কমিশনের উদ্দেশে তাঁর হুঙ্কার, ‘আগুন নিয়ে খেলবেন না।’ স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে তাঁর কটাক্ষ, ‘দিল্লিতে একজন মীরজাফর বসে আছে। মনে রাখবেন, এই যে এসআইআর, এর পিছনে রয়েছেন মীরজাফর স্যার।’
বিজেপির পাশাপাশি এদিন তাঁর আক্রমণের মুখে পড়েন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকও (সিইও)। মনোজ আগরওয়ালের নাম না করেই তাঁকে ‘বেশি বেড়ে না খেলার’ উপদেশ দিয়েছেন মমতা। তাঁর অভিযোগ, বৈঠকের নামে আসলে বিএলওদের থ্রেট করা হচ্ছে। এই প্রেক্ষিতে সিইও’র দায়িত্ব নেওয়ার আগে রাজ্যের একাধিক দপ্তরের সচিব হিসেবে কাজ করা মনোজের বিরুদ্ধে একাধিক অভিযোগের কথা মনে করিয়ে দিয়েছেন মমতা। তাঁর হুঁশিয়ারি, ‘সময় এলেই সব প্রকাশ্যে আনা হবে।’ 
একদিকে, এসআইআরের মাধ্যমে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ। অন্যদিকে, রাজ্যে ঘুরপথে এনআরসি কার্যকরের গেরুয়া পরিকল্পনা। এই দুই ইস্যুতেই তোপ দেগেছেন মমতা। উৎসবের মরশুমে নদীয়ার ধুবুলিয়ার দুই বাসিন্দা আসাদ আলি শেখ এবং সঞ্জু সাই শেখকে এনআরসি-নোটিশ পাঠিয়েছে অসম সরকার। এর আগে কোচবিহারের বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীকে এনআরসির চিঠি পাঠিয়েছিল অসম সরকার। তার বিরুদ্ধে সরব হয়েছিলেন মমতা। এবারও তাঁর ব্যতিক্রম হল না। নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই দু’টি এনআরসি-নোটিশ তুলে ধরে ঘটনার তীব্র প্রতিবাদ জানান মমতা। দ্ব্যর্থহীন ভাষায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ‘কোন অধিকারে বাংলার মানুষকে অসম সরকার এই নোটিশ পাঠাচ্ছে? কেন্দ্রীয় সংস্থাগুলির গৈরিকীকরণ করে এসআইআরের নামে ভোট কাটার ষড়যন্ত্র চলছে? সামনে এসআইআর, আর পিছনে কী? এনআরসি করবেন গায়ের জোরে? জেনে রাখুন, পারবেন না কোনওদিন।’

Advertisement
সম্পর্কিত সংবাদ