আমেদাবাদ: একটা সেলফি। ছবিতে পাঁচজন। প্রত্যেকের চোখে মুখে আনন্দের ছাপ। কিন্তু ওটাই তাঁদের শেষ ছবি। অভিশপ্ত এয়ার ইন্ডিয়া বিমানের যাত্রী ডাঃ প্রতীক জোশির তোলা পরিবারের সঙ্গে সেই নিজস্বী দেখেই আবেগে ভাসছেন সবাই। পেশায় চিকিৎসক প্রতীক লন্ডনের বাসিন্দা। স্ত্রী কোনি ব্যাস একই পেশার মানুষ। কিছুদিন আগে অবধি রাজস্থানের এক বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত ছিলেন। তবে চাকরি ছেড়েছিলেন সদ্যই। ভেবেছিলেন লন্ডনে গিয়ে স্বামীর সঙ্গে নতুন করে জীবন শুরু করবেন। সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। বৃহস্পতিবারের ভয়াবহ বিমান দুর্ঘটনায় এই চিকিৎসক দম্পতি ও তাঁদের তিন সন্তানও ঘুমের দেশে পাড়ি দিয়েছেন। এই ঘটনায় শোকস্তব্ধ কাহের জহরলাল নেহেরু মেডিক্যাল কলেজের(কর্নাটক) শিক্ষকরা। এই কলেজ থেকেই ডাক্তারি পাস করেছিলেন প্রতীক।



