নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: শিশুরা অটিস্টিক কি না, জানতে রাজ্যে শুরু হবে তৃতীয় দফার সমীক্ষা। নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। ১৮ মাস থেকে ছয় বছর বয়সি ৫০ লক্ষের বেশি শিশুকে নিয়ে হবে এই সমীক্ষা। আগামী ২ মার্চ থেকে অঙ্গনওয়াড়ি কর্মীরা বিশেষজ্ঞদের তৈরি করা প্রশ্নমালা নিয়ে বাচ্চাদের কাছে পৌঁছে যাবেন। প্রতিটি উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’তে দিতে হবে অভিভাবকদের। সেই উত্তরের উপর নির্ভর করবে, শিশু অটিস্টিক কি না। এই সমীক্ষা শুরুর আগে জেলাস্তরে প্রস্তুতি সেরে ফেলতে হবে সংশ্লিষ্ট আধিকারিকদের। যেমন, অঙ্গনওয়াড়ি কর্মীদের ট্রেনিং, প্রশ্নপত্র ছাপানো, কবে এবং কীভাবে গোটা প্রক্রিয়া শুরু করা হবে, তার রূপরেখা তৈরি করে ফেলতে হবে।



