নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: প্রায় দু’দিন নিখোঁজ থাকার পর হুগলির এক ব্যবসায়ীর ঝুলন্ত দেহ মিলল রানাঘাট থানার তারাপুর এলাকায়। বুধবার দুপুরে নির্জন এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেহটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম সমর দাস (৪০)। তিনি হুগলির গুপ্তিপাড়ার উত্তর বাদাগাছির বাসিন্দা। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস।
Advertisement
গুপ্তিপাড়ার বাসিন্দা সমর দাস কাঠের ব্যবসা করতেন। পাশাপাশি তাঁর একটি মুদি দোকানও ছিল। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সোমবার তিনি গুপ্তিপাড়া ঘাট পেরিয়ে রানাঘাটের তারাপুর এলাকায় এক ব্যবসায়ীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারপরে আর তাঁর খোঁজ পায়নি পরিবার। নিখোঁজ ব্যবসায়ীর পরিবার গুপ্তিপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পাশাপাশি মৌখিকভাবে রানাঘাট থানাকেও বিষয়টি জানায় পরিবার। পুলিস সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেল ৩টে নাগাদ তারাপুরের নীলসাগর ঝাউবনপাড়া এলাকার একটি নির্জন জায়গায় গাছে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় এক শিউলি। এরপর স্থানীয় বাসিন্দারাই রানাঘাট থানায় খবর দেন। মৃতের ভাই অভিজিৎ দাস বলেন, ‘গত সোমবার দাদা বাড়ি থেকে বেরিয়েছিলেন। তারপর আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। দাদার কোনও শত্রু ছিল না। কীভাবে এমনটা হল, বুঝতে পারছি না। পুলিস তদন্ত করে দেখুক।’ পুলিস সূত্রে খবর, এদিন দুপুরে শেষবার তারাপুর ঘাটের কাছে একটি হোটেলে সমরবাবুকে খেতে দেখা গিয়েছিল। এই মৃত্যুর পিছনে অন্য কোনও চক্রান্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিস।



