Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / খেলা

অভুক্ত শিশুদের পাশে জকোভিচ

যুদ্ধবিধ্বস্ত সার্বিয়ায় তাঁর বেড়ে ওঠা। বারুদের গন্ধে ভারী বাতাস। আতঙ্কের রাত কেটেছে বাঙ্কারে। গোলাপ হাতে কুচকাওয়াজের বদলে জকোভিচের শৈশব দেখেছে সেনাবাহিনীর লংমার্চ।

অভুক্ত শিশুদের পাশে জকোভিচ
  • ১০ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুদ্ধবিধ্বস্ত সার্বিয়ায় তাঁর বেড়ে ওঠা। বারুদের গন্ধে ভারী বাতাস। আতঙ্কের রাত কেটেছে বাঙ্কারে। গোলাপ হাতে কুচকাওয়াজের বদলে জকোভিচের শৈশব দেখেছে সেনাবাহিনীর লংমার্চ। ফুটপাথে অপুষ্টিতে ভোগা শিশুর কান্না ভোলেননি তিনি। আসলে শিকড়কে আঁকড়ে ধরেই জীবনযুদ্ধে এগিয়েছেন সার্বিয়ান মহাতারকা। এবার মাতৃভূমির শিশুদের পাশে দাঁড়িয়ে মহৎ উদ্যোগে ব্রতী হলেন তিনি। ২২ টি স্কুলের সমস্ত পড়ুয়ার মধ্যাহ্নভোজের খরচ জুগিয়েছেন ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জোকার। জানা যাচ্ছে, খরচের পরিমাণ প্রায় ৬ কোটি টাকা। কিংবদন্তির মন্তব্য, ‘শিশুদের মুখে খাবার তুলে দেওয়ার আনন্দই আলাদা। ট্রফি জয়ের সঙ্গে তার তুলনা চলে না।’ তাঁর সংযোজন, ‘কোর্টে ট্রফি জয় ব্যক্তিগত সাফল্য। কিন্তু অভুক্ত শিশুর পাশে দাঁড়ানো নৈতিক কর্তব্য।’ উল্লেখ্য, সার্বিয়ার সরকারের রোষে পড়ে এখন গ্রিসই ঠিকানা জকোভিচের। ছাত্রদের আন্দোলনকে সমর্থন করার জন্যই তাঁকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। কিন্তু মাতৃভূমির প্রতি ভালোবাসা এবং দায়বদ্ধতা টেনিস মহাতারকার কোনও খামতি নেই। 

Advertisement

দীর্ঘ টেনিস কেরিয়ারে ২৪ টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন জকোভিচ। যুগ্মভাবে মার্গারেট কোর্টের সঙ্গে একই বিন্দুতে দাঁড়িয়ে তিনি। আরও একটি স্ল্যাম জয় তাঁকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাবে। গত বছর চারটি গ্র্যান্ডস্লামের সেমি-ফাইনালে পৌঁছোলেও শেষরক্ষা হয়নি। আলকারাজ, জেরেভ কিংবা জানিক সিনার বাধা হয়ে উঠেছেন। মাঝেমধ্যে চোট মাথাচাড়া দিলেও জকোভিচকে থামায় সাধ্য কার। আসলে জকোভিচের মতো চ্যাম্পিয়নরা প্রত্যাবর্তনের অপর নাম।

সম্পর্কিত সংবাদ