Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

দীঘার জগন্নাথের প্রসাদ-স্যুভেনির বণ্টন ২০ জুন থেকে শুরু, নির্দেশ

আগামী শুক্রবার ২০ জুন থেকে দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ এবং স্যুভেনির বণ্টন করার কাজ শুরু করতে খাদ্যদপ্তরকে চিঠি পাঠিয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তর।

দীঘার জগন্নাথের প্রসাদ-স্যুভেনির  বণ্টন ২০ জুন থেকে শুরু, নির্দেশ
  • ১৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী শুক্রবার ২০ জুন থেকে দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ এবং স্যুভেনির বণ্টন করার কাজ শুরু করতে খাদ্যদপ্তরকে চিঠি পাঠিয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। কলকাতা ও বিধাননগর পুরসভা এবং এনকেডিএ এলাকা (নিউটাউন) ছাড়া বাকি জায়গাগুলিতে রেশন ডিলারদের মাধ্যমে ‘দুয়ারে রেশন’ প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বণ্টনের কাজ ৪ জুলাইয়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে। এদিকে খাদ্যদপ্তর এই ব্যাপারে সোমবার  বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে অবশ্য ১৭ জুন, অর্থাৎ আজ থেকে প্রসাদ বিতরণের বিষয় উল্লেখ করা হয়েছে। যেহেতু আগে সরকারিভাবে ঠিক হয়েছিল ১৭ জুন থেকে প্রক্রিয়া শুরু হবে তা‌ই খাদ্যদপ্তর এই সময়টি বিজ্ঞপ্তিতে জানিয়েছে। দপ্তর সূত্রের খবর, প্রসাদের প্যাকেট এলেই তা বণ্টন করা হবে। 

Advertisement

এদিকে প্রসাদের সুষ্ঠু ও দ্রুত বণ্টনের জন্য খাদ্যদপ্তর কয়েকটি গুরত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। প্রতিসপ্তাহে সোমবার রেশন দোকানে সাপ্তাহিক ছুটি থাকে। দুয়ারে রেশন প্রক্রিয়া ওইদিন হয় না। কিন্তু ২৩ জুন সোমবার হওয়া সত্ত্বেও দুয়ারে রেশনের মাধ্যমে প্রসাদ দেওয়ার কাজ চলবে। মাসের প্রথম ও শেষ দিনে রেশন গ্রাহকদের খাদ্যশস্য দেওয়া হয় না। কিন্তু প্রসাদ বিতরণ প্রক্রিয়া ৩০ জুন এবং ১ জুলাই চলবে বলে জানানো হয়েছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, ছুটির দিনে ডিলার ও তাদের কর্মীদের কাজে লাগানোর ব্যাপারে দপ্তরের কাছে লিখিতভাবে আপত্তি করা হবে। 
তথ্য ও সংস্কৃতি দপ্তরের চিঠিতে উল্লেখ করা হয়েছে, দীঘার জগন্নাথ মন্দির কালচারাল সেন্টারের স্যুভেনিরের বাক্স জেলার নির্দিষ্ট কেন্দ্র থেকে ডিস্ট্রিবিউটরদের মাধমে ডিলারদের কাছে পৌঁছে দেওয়া হবে। এই কাজের জন্য কিছু সাম্মানিক দেওয়ার কথাও বলা হয়েছে। তবে রেশন ডিলারদের সংগঠন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, প্রসাদ বিতরণের কাজ তাঁরা বিনা পয়সাতেই করবে। তবে প্রসাদ ডিলারদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ