সিমলা: চলতি বর্ষা মরশুমে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে হিমাচল প্রদেশ। ৪৬ বার মেঘ ভাঙা বৃষ্টি, ৯৮টি হড়পা বান এবং ১৪৫টি ধস। একের পর এক এধরনের দুর্যোগে এই পাহাড়ি রাজ্যের দেড় হাজারেরও বেশি বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে। গত ২০ জুন থেকে অন্তত ১ হাজার ১০.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বছরে যেখানে গড় বৃষ্টিপাতের পরিমাণ ৬৯২.১ মিমি। এবারের বর্ষণ বিপর্যয়ে হাজারখানেক মানুষ গৃহহীন। মৃতের সংখ্যা ৪১৭। জখম ৪৭৭। নিখোঁজ ৪৫ জন। রাজ্যের দুর্যোগ মোকাবিলা দলের রেকর্ড অনুযায়ী, এ পর্যন্ত সব মিলিয়ে ৪ হাজার ৫৮২ কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে পূর্ত দফতরের ক্ষতির পরিমাণ ২ হাজার ৮০৩ কোটি টাকা এবং জল শক্তি দফতরের ক্ষতি হয়েছে ১ হাজার ৪০৫ কোটি।



