করাচি: ১৪ বছর পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ফের সরাসরি বিমান চলাচল শুরু হল। বৃহস্পতিবার রাত থেকে ঢাকা-করাচি বিমান যাত্রী পরিষেবা আরম্ভ করছে। বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি বিমান (জি-৩৪১) বৃহস্পতিবার রাত ১১টায় করাচির আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ২০১২ সালের পর এই প্রথম সরাসরি ঢাকা-করাচি উড়ান হবে এটি। এই উপলক্ষ্যে বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রাথমিকভাবে সপ্তাহে দু’দিন, বৃহস্পতিবার ও শনিবার এই রুটে ফ্লাইট চলাচল করবে। বিমানটি ঢাকা বিমানবন্দর থেকে রাত ৮টায় ছাড়বে। করাচি পৌঁছবে রাত ১১টায়। ফেরার পথে রাত ১২টায় করাচি থেকে যাত্রা শুরু করে বিমানটি ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ২০ মিনিটে।



