নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যদি কোনও ব্যবসায়ী কোনও প্রশাসনিক সমস্যায় পড়েন এবং তার সুরাহা চান, বা তাঁর কোনও আর্জি থাকে, তাহলে তাঁরা সরাসরি যোগাযোগ করতে পারবেন কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের আওতায় থাকা ন্যাশনাল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ডের সঙ্গে। তাঁর সমস্যার সমাধানের উদ্যোগ নেবেন ডিপার্টমেন্ট ফর প্রোমোশন অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড-এর (ডিপিআইআইটি) আধিকারিকরা। এই তথ্য জানিয়েছেন ওয়েলফেয়ার বোর্ডের নবনিযুক্ত সদস্য সুশীল পোদ্দার। তাঁর কথায়, এই পর্ষদের সদস্য হিসেবে রয়েছেন ডিপিআইআইটির উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁরা ও অন্যান্য সদস্যরা প্রতি সোমবার বিকেল তিনটে থেকে চারটে অনলাইনে বৈঠক করেন, যেখানে অনলাইনে যোগ দিতে পারবেন দেশের যেকোনও প্রান্তে থাকা ব্যবসায়ী। তিনি যে ইস্যু তুলবেন, তা বোর্ডের সদস্যরা সংশ্লিষ্ট মন্ত্রক বা দপ্তরে পাঠাবেন সমাধানের জন্য। এছাড়াও পর্ষদ সদস্যরা প্রতি তিনমাস অন্তর বৈঠকে বসেন এবং ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আগামী ৯ অক্টোবর দিল্লির বাণিজ্য ভবনে এই বৈঠক হবে বলে জানিয়েছেন সুশীলবাবু। তিনি বলেন, যেহেতু আমি কনফেডারেশন অব ওয়েস্ট বঙ্গেল ট্রেড অ্যাসোসিয়েশনস এবং ফেডারেশন অব অল ইন্ডিয়া ব্যাপার মণ্ডলের সভাপতি, তাই ব্যবসায়ীদের পক্ষ থেকে বোর্ড মিটিংয়ে দাবি করব, ডিপিআইআইটি এরাজ্যে একটি ক্রেতা-বিক্রেতা বৈঠকের উদ্যোগ নিক। তাতে তৃণমূল স্তরে যে সমস্যাগুলির সম্মুখীন হন তাঁরা, তার সমাধানসূত্র বেরিয়ে আসবে।



