Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দিলীপই যেন ‘গলার কাঁটা’, অনিশ্চিত বিজেপির সর্বোচ্চ কোর কমিটির বৈঠক, অস্বস্তি এড়ানোর চেষ্টা

দিলীপ ঘোষ যেন গেরুয়া শিবিরের ‘গলার কাঁটা’ হয়ে উঠেছেন! তাঁর সৌজন্যে বঙ্গ বিজেপি কার্যত নাস্তানাবুদ। এই মুহূর্তে দলের নীতি নির্ধারণ সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শীর্ষ নেতৃত্ব তাঁকে না পারছে গিলতে, না পারছে ওগরাতে।

দিলীপই যেন ‘গলার কাঁটা’, অনিশ্চিত বিজেপির সর্বোচ্চ কোর কমিটির বৈঠক, অস্বস্তি এড়ানোর চেষ্টা
  • ২২ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিলীপ ঘোষ যেন গেরুয়া শিবিরের ‘গলার কাঁটা’ হয়ে উঠেছেন! তাঁর সৌজন্যে বঙ্গ বিজেপি কার্যত নাস্তানাবুদ। এই মুহূর্তে দলের নীতি নির্ধারণ সহ একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শীর্ষ নেতৃত্ব তাঁকে না পারছে গিলতে, না পারছে ওগরাতে। ফলে পার্টির সর্বোচ্চ কোর-কমিটির বৈঠকও অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী ২৯ মে আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানকার বিজেপি সাংসদ মনোজ টিগ্গা এমনটাই জানিয়েছেন। অতীতে দেখা গিয়েছে, মোদির সফরের বহু আগেই কোর কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। কিন্তু এবার কোর কমিটির বৈঠক কবে হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। কারণ, ২০ জনের এই কমিটির অন্যতম সদস্য দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপবাবু। ২০ জন রাজ্য-নেতা ছাড়াও বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত চার নেতা বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছেন কোর কমিটিতে। 

Advertisement

কমিটির এক সদস্যর কথায়, ‘কখন এই বৈঠক হবে, তা ঠিক হয় কেন্দ্রীয় নেতাদের ইচ্ছা অনুসারে। তবে এটা ঠিক যে দীর্ঘদিন এই বৈঠক হয়নি। কোর কমিটিকে এড়িয়ে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে, যা বিজেপির মতো শৃঙ্খলাবদ্ধ দলের পক্ষে আদৌ ভালো বিজ্ঞাপন নয়।’ তিনি আরও বলেন, ‘দিলীপ ঘোষকে নিয়ে পার্টি স্থির সিদ্ধান্তে আসতে পারছে না। তাই কোর কমিটির বৈঠক ডাকলে সদস্য হিসেবে ওঁকে আমন্ত্রণ জানাতেই হবে। তাতে নতুন করে বিতর্ক বাড়বে।’ এই অবস্থায় কোর কমিটির বৈঠক খুব শীঘ্র হবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। দলের একটি অংশের বক্তব্য, একের পর এক ঘটনায় দলের অস্বস্তি বাড়িয়ে চলেছেন দিলীপবাবু। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাতের পর দিলীপবাবু দলের শীর্ষনেতাদের বিরাগভাজন হয়েছিলেন। সেই বিতর্কের রেশ এখনও চলছে। আগামী দিনে মেদিনীপুরের প্রাক্তন এই সাংসদ কী সিদ্ধান্ত নেবেন, তা নিয়ে ধন্দে রয়েছে দল। যদিও দিলীপবাবুকে না ডাকলেও তিনি মেদিনীপুরে তিরঙ্গা যাত্রায় অংশ নিয়েছিলেন। কলকতার তিরঙ্গা যাত্রায়ও অবশ্য দিলীপ ঘোষকে ডাকা হয়নি বলে খবর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ