নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘ডিজি যাত্রা’ পরিষেবায় ত্রুটির কারণে রবিবার ব্যাপক সমস্যায় পড়লেন বিমানযাত্রীরা। যান্ত্রিক ত্রুটির কারণে কাজ করেনি এই পরিষেবা। ফলে বিমানবন্দরে প্রবেশের গেটে যাত্রীদের দীর্ঘ লাইন লক্ষ করা গিয়েছে। ‘ডিজি যাত্রা’ হল একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর পরিষেবা। ফেস রেকগনিশান বা মুখের ছবি মিলিয়ে ও বিমানের টিকিট মেশিনে স্ক্যান করে যাত্রীদের প্রবেশের ব্যবস্থা। ২০২৩ সালে কলকাতা বিমানবন্দরে এই পরিষেবা চালু হয়। যাত্রীরা বিমানবন্দরে প্রবেশের সময় ডিজি যাত্রার অন্তর্ভুক্ত হলে তাতে সময় বাঁচে এবং সঠিক তথ্যনির্ভর হয়। এই পরিষেবা বিমানযাত্রীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে।
কিন্তু রবিবার ডিজি যাত্রা পরিষেবা ব্যাপকভাবে সমস্যার মুখে পড়ে। ভোরে বিমানবন্দরে প্রবেশের সময় একটি গেটে ডিজি যাত্রা পরিষেবায় মুখের ছবি মিলছিল না। পরবর্তী সময়ে বিমানবন্দরের অন্য গেটগুলিতেও সমস্যা বেড়ে যায়। সকাল থেকে বিকেল পর্যন্ত ডিজি যাত্রা পরিষেবা কাজ করেনি। ফলে ম্যানুয়াল পদ্ধতি বা হাতে করে যাত্রীদের নথি পরীক্ষা করেন নিরাপত্তারক্ষীরা। এর ফলে বাড়তি সময় লেগে যায়। বিমানবন্দরের গেটে বিমানযাত্রীদের দীর্ঘ লাইন পড়ে যায়। সন্ধ্যার পর থেকে একটু একটু করে ডিজি যাত্রা পরিষেবা স্বাভাবিক হতে শুরু করে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে ডিজি যাত্রা পরিষেবা বিঘ্নিত হয়েছিল।