


প্যারিস: বুধবার ফের সাধারণ মানুষের জন্য খুলে গেল প্যারিসের ল্যুভর মিউজিয়াম। তার আগেই সামনে এল বিশ্ববিখ্যাত এই সংগ্রহশালায় দুঃসাহসিক চুরির বিস্তারিত বর্ণনা। গোটা ঘটনার সঙ্গে অনেকেই মিল খুঁজে পাচ্ছেন বলিউডের ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির সিনেমাগুলির।
মাত্র ৭ মিনিট। এর মধ্যেই ১০ কোটি ডলারের বেশি টাকার গয়না নিয়ে চম্পট দেয় তিন চোর—এই তথ্য আগেই প্রকাশ করে ল্যুভর কর্তৃপক্ষ। এবার জানা গেল চুরি সম্পর্কে আরও তথ্য। কর্তৃপক্ষ জানিয়েছে, চোরের দল চার মিনিটেরও কম সময় মিউজিয়ামের ভিতরে ছিল। জানালা ভেঙে ঢোকার জন্য একটি মালবাহী লিফট ব্যবহার করে দুষ্কৃতীরা। দু’টি কাচের বাক্সে সাজানো ছিল ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট ও সাম্রাজ্ঞী জোসেফিনের গয়না। কাচ ভেঙে সেগুলি সাবধানে তুলে নেয় তারা। ইতিমধ্যে অ্যালার্ম বাজতে শুরু করে। তবে নিরাপত্তা রক্ষীরা পৌঁছানোর আগেই মিউজিয়াম থেকে বেরিয়ে পরে চোরের দল। এবং কয়েক মিনিটের মধ্যে দ্রুতগামী স্কুটারে চড়ে চম্পট দেয়। সবকিছু এতটাই দ্রুত হয়েছিল যে নিজের চোখকেও বিশ্বাস করতে পারেননি প্রত্যক্ষদর্শীরা। এই বিষয়টার সঙ্গেই ‘ধুম’ সিনেমার মিল খুঁজে পেয়েছেন অনেকে। কারণ, সিনেমাতেও হাইস্পিড সুপার বাইকে চড়ে নিমেষের মধ্যে চম্পট দিত চোরের দল। আবার ‘ধুম ২’ সিনেমায় এমন একটি মিউজিয়ামে চুরির দৃশ্য ছিল। ল্যুভরে চুরির একটি এআই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়েছে। তারপরেই নেটদুনিয়ায় শুরু হয়েছে ‘ধুম মচালে...’!