নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টের নির্দেশের পরও টেট উত্তীর্ণ প্রার্থীর সঙ্গে বঞ্চনার অভিযোগ উঠল স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) বিরুদ্ধে। এতে ক্ষোভ প্রকাশসহ দু’সপ্তাহের মধ্যেই ওই প্রার্থীকে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। বোলপুরের বাসিন্দা মানসী পালের দাবি, তিনি টেট উত্তীর্ণ হন ২০১৫ সালে। ২০১৬ সালে, বয়সজনিত কারণ দেখিয়ে উচ্চ প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউতে তাঁকে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। ২০১৯ সালে তিনি হাইকোর্টের দ্বারস্থ হলে তাঁকে ইন্টারভিউতে বসার অনুমতি দেয় আদালত। এরপর চূড়ান্ত মেধা তালিকায় নাম থাকলেও তাঁকে নিয়োগ দেয়া হয়নি বলে অভিযোগ।
মানসী পালের আইনজীবী আশিসকুমার চৌধুরী বুধবার আদালতে অভিযোগ করেন, ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী মামলাকারী আপার প্রাইমারিতে প্রথম কাউন্সিলিংয়ে ডাক পেলেও এসএসসি তাঁকে অনুমোদনপত্র দেয়নি। বয়সসীমা অতিক্রমের অজুহাত দেখিয়ে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়।
সমস্ত অভিযোগ শুনে বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, যেহেতু আদালতের নির্দেশে আগেই তিনি চূড়ান্ত মেধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, তাই এসএসসি কোনোভাবেই তাঁকে বঞ্চিত করতে পারে না। এসএসসি তাঁকে নিয়োগ দিতে বাধ্য। এরপরই বিচারপতি বসু এসএসসি’কে নির্দেশ দেন, দু’সপ্তাহের মধ্যেই মামলাকারীর হাতে নিয়োগপত্র তুলে দিতে হবে। যেদিন এসএসসি তাঁর নিয়োগপত্র ফিরিয়ে দিয়েছিল তাঁকে নিয়োগ দিতে হবে সেদিন থেকেই।